কার্ডধারীরা এ মাসে ৬০ কেজি করে চাল পাবেন: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা এ মাসে (চলতি আগস্টে) ৬০ কেজি করে চাল পাবেন। আজ বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপকারভোগীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
‘খাদ্য বান্ধব কর্মসূচি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।
জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এ মাসে এক সঙ্গে দুই মাসের জন্য একেক জন কার্ডধারীকে ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে খাদ্য গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুদ আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।