শেষমুহূর্তে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে পরিবর্তন
পাকিস্তানের জার্সি গায়ে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলা তাহিরের এখনও পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি। যদিও এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন দলের সঙ্গে। কিন্ত সবুজ ক্যাপ পরে মাঠে নামা হয়নি তার। এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে একমাত্র নতুন মুখ ছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।
এদিকে এশিয়া কাপ শুর হতে আর মাত্র তিন দিন বাকি। এমন সময় টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান নিজেদের দলে পরিবর্তন আনল। তায়েব তাহিরের পরিবর্তে দলটিতে ডাকা হয়েছে আরেক মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে। এমন সিদ্ধান্তে তাহিরের ওয়ানডে অভিষেকের সময়টা আরও বাড়লও। অবশ্য টুর্নামেন্টে এখনও দলের সঙ্গেই থাকবেন তিনি। ১৭ সদস্যের স্কোয়াডে নিজের জায়গা হারালেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই থাকছেন তাহির।
এদিকে তাহিরের পরিবর্তে দলে ডাক পাওয়া শাকিল এর আগে পাকিস্তানের হয়ে খেলেছেন ৬ ওয়ানডে। যদিও সেখানে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ১৯ গড়ে করেছেন ৭৬ রান, যেখানে তার এক ইনিংসে সর্বোচ্চ রান আছে ৫৬। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটার ৮৪.০৮ গড়ে দুই হাজার ৪৮৯ রান করেছেন। শাকিল আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচেও খেলেছিলেন। যেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। ম্যাচে পাকিস্তান ৫৯ রানে জয় পেলেও শাকিল ৬ বলে ৯ করে রান আউটে কাটা পরেন। তবে টেস্টে দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখাও পান এই ক্রিকেটার।