দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ব্যবসায়ীদের অতিলোভ : ক্যাব সভাপতি

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ব্যবসায়ীদের অতিমুনাফা, অতিলোভ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ। ব্যবসায়ীরা এখন কম লাভে সন্তুষ্টি পাচ্ছেন না। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষ কীভাবে যে জীবনধারণ করছে, সেটা কল্পনা করা যায় না। মানুষের সঞ্চয় তলানিতে পড়েছে বা শেষ হয়ে গেছে। ধারকর্জ করছে। মানুষ কষ্টে আছে। বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কেবল বাজার মনিটরিংয়ের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব নয় শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

ছায়া সংসদে সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, আবুল কাশেম, শাহ আলম খান ও কাবেরী মৈত্রেয়। বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

গোলাম রহমান বলেন, কেবিনেটে ৬২ শতাংশই ব্যবসায়ী। সংসদ ও সরকারের মধ্যে রাজনীতিবিদদের তুলনায় ব্যবসায়ীদের প্রাধান্য থাকলেও নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, মনিটরিংয়ে এর প্রতিফলন নেই। দাতাদের পরামর্শে বাংলাদেশ ব্যাংক সুদের হার ও মুদ্রা বিনিময় হার নির্ধারণ করলেও মূল্যস্ফীতি বেড়েই চলেছে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারকে অগ্রাধিকার দিতে হবে। তিনি জানান, ব্যবসায়ীরা ফ্রাংকেনস্টাইন হয়ে গেছে। কঠোর হাতে তাদের রুখতে হবে। দ্রব্যমূল্যের আগুনে দাহ হওয়া ভোক্তাদের কেবল বাজার মনিটরিংয়ের মাধ্যমে স্বস্তি দেওয়া সম্ভব নয়। সরকার বলছে সিন্ডিকেট নেই। কিন্তু কয়েকজন ব্যবসায়ী মিলে বাজার নিয়ন্ত্রণ করলে সেটা কি সিন্ডিকেট নয়?

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থাও কাজ করছে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন ভোক্তাদের সচেতনতা। ভোক্তারা যতদিন তাদের অধিকার সম্পর্কে সচেতন না হবেন, ততদিন ভোক্তা অধিকার রক্ষা করা সম্ভব হবে না।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের সাধারণ মানুষের কাছে সিন্ডিকেট এক আতঙ্কের নাম। মাঝেমধ্যে মনে হয়, এ সিন্ডিকেটের কাছে শুধু ক্রেতাসাধারণ নন, সরকারও জিম্মি হয়ে পড়ছে। কয়েকটি করপোরেট কোম্পানির বিরুদ্ধে পণ্যমূল্য বৃদ্ধির অভিযোগের প্রতিবেদন পাওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এতে মনে হতে পারে, করপোরেট প্রতিষ্ঠানগুলোর সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করার পেছনেও সরকারের রাজনৈতিক দুর্বলতা আছে।

আরো