মোর্শেদ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার মাহবুব মোর্শেদ আর নেই
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক কাউন্সিলর এবং মোর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার সৈয়দ মাহবুব মোর্শেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ডিএসই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
রোববার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সোমবার (৩০ অক্টোবর) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তার মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম সৈয়দ মাহবুব মোর্শেদ দেশের পুঁজিবাজারের একজন পরিচিত ব্যক্তিত্ব। যিনি ১৯৮১ সালে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। প্রায় ২০ বছরেরও অধিক সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ পর্যন্ত ডিএসই’র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।