বাংলাদেশে ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে বাংলাদেশ বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের মাধ্যমে মোট ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এ তথ্য জানানো হয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠকে।

সভায় জানানো হয়, প্রাপ্ত প্রস্তাবের মধ্যে ৪৬৫ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ, ৭০০ মিলিয়ন ডলার স্থানীয় বিনিয়োগ এবং ৮৫ মিলিয়ন ডলার যৌথ বিনিয়োগ হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, চীনা কোম্পানিগুলো থেকে এসেছে সর্বোচ্চ ৩৩০ মিলিয়ন ডলারের প্রস্তাব।

এ সম্পর্কিত আরো সংবাদ

কমলো সোনার দাম

এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর

সিঙ্গাপুর, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বিডার পক্ষ থেকে আরও জানানো হয়, প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ২৩১ মিলিয়ন ডলারের প্রকল্প ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা প্রাথমিক প্রস্তাবের প্রায় ১৮ শতাংশ। বৈশ্বিকভাবে এ রূপান্তরের গড় হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

[atn_photocard]
আরো