কমপ্লায়েন্স সংস্কৃতি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধিতে সহায়ক : ডিএসই পরিচালক শাকিল রিজভী

পুঁজিবাজারে কমপ্লায়েন্স বা নিয়ম মেনে চলার সংস্কৃতি কেবল বাধ্যবাধকতা নয়, বরং এটি বাজারের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র পরিচালক মো: শাকিল রিজভী।

তিনি বলেন, অনুমোদিত প্রতিনিধিদের দুটি বিষয়ে বিশেষ নজর দিতে হবে— প্রথমত আইনকানুন সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন এবং দ্বিতীয়ত বিনিয়োগকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আইনের ভেতরে থেকেই বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানের আহ্বান জানান তিনি।

ডিএসই ট্রেনিং একাডেমির উদ্যোগে আয়োজিত চারদিনব্যাপী (৮-১৮ সেপ্টেম্বর ২০২৫) “কমপ্লায়েন্স অ্যান্ড ইন্টারএক্টিভ ইস্যুজ ফর দি স্টেকহোল্ডারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএসইসি’র পরিচালক মো: আবুল কালাম, ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: শাকিল রিজভী আরও বলেন, “আপনারা দীর্ঘদিন পুঁজিবাজারে কাজ করছেন, বহুমুখী অভিজ্ঞতা রয়েছে আপনাদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার প্রতিষ্ঠানকে আরও উন্নত করা আপনাদের দায়িত্ব। আজকের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”

প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই’র উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

আরো