ফলের বাজারে অস্থিরতা, দাম বেড়েছে ৩০ থেকে ৮০ টাকা
সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বাজারে ফলের দাম বাড়তি রয়েছে। ব্যবসায়ীদের দাবি, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় স্থলবন্দর দিয়ে ফলের আমদানি কমেছে। এতে করে পাইকারি বাজারে সরবরাহে চাপ পড়ে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ফলের দাম বেড়ে গেছে। দক্ষিণ আফ্রিকার গালা আপেল এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ টাকায়, যা আগে ছিল ৪০০ টাকা। চীনের গালা আপেল ৩০ টাকা বাড়িয়ে এখন ৩৫০ টাকা কেজি, সাধারণ সাদা আপেল ২৫০ টাকায় উঠেছে। অস্ট্রেলিয়ার আপেলের দাম ৫০ টাকা বাড়িয়ে এখন ৩৫০ টাকা কেজি।
আঙুরের দামেও বড় ধরনের পরিবর্তন এসেছে। কালো ও সাদা আঙুর বর্তমানে কেজিপ্রতি ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আগে ছিল ৪২০ থেকে ৪৪০ টাকা। লাল আঙুর ৩৮০ টাকায় উঠেছে, যা আগের তুলনায় অন্তত ৩০ থেকে ৫০ টাকা বেশি।
আনারের দাম এখন আকারভেদে কেজি প্রতি ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে, যা ৫০ থেকে ৮০ টাকা বেশি। কমলা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজিতে, আর নাসপাতির দাম উঠেছে ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। তবে মাল্টার দামে তেমন কোনো পরিবর্তন হয়নি; আগের মতোই কেজি প্রতি ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ফল বিক্রেতারা বলছেন, তারা খুব একটা লাভ করতে পারছেন না। সেগুনবাগিচার বিক্রেতা নাজমুস ইসলাম জানান, আড়ত থেকেই দাম বেশি থাকায় খুচরায়ও বেশি নিতে হচ্ছে। পরিবহন, শ্রমিক মজুরি ইত্যাদি খরচ যোগ করেই কেজি প্রতি ১০-২০ টাকা বেশি রাখছেন।
ফকিরাপুলের বিক্রেতা হোসেন জানান, পূজার সময় প্রতিবছরই ভারতীয় ট্রাক চলাচলে বিরতি পড়ে। এতে সরবরাহ কমে যায় ও দাম বাড়ে। তবে তিনি আশা করছেন, পূজা শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহ থেকেই দাম কিছুটা কমবে।