কার্গো ভিলেজের আগুনে ওষুধ শিল্পে ২০০ কোটির কাঁচামালের ক্ষতি: ওষুধশিল্প সমিতির মহাসচিব

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানির মধ্যে ২৫০টি কোম্পানি বর্তমানে সচল রয়েছে। সকাল ১১টা পর্যন্ত শীর্ষস্থানীয় ৩২টি কোম্পানি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের কাঁচামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকার বেশি। অন্যান্য কোম্পানির হিসাব আসলে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সম্পর্কিত আরো সংবাদ

বিশ্ববাজারে কমল তেলের দাম

রাজস্ব ভবনে বহিরাগত ঠেকাতে নতুন নির্দেশনা

৮ অক্টোবর থেকে ইলিশ আহরণ-কেনাবেচা বন্ধ

brac epl single inner regular
এক প্রশ্নের উত্তরে মো. জাকির হোসেন জানান, একটি ওষুধ উৎপাদনে ১০-১২টি থেকে শুরু করে ৫৩টি উপকরণ প্রয়োজন হয়। তাই এই অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে। তবে তিনি জানান, সরাসরি এখনই ওষুধ সরবরাহে সমস্যা হবে না।

তিনি আরও বলেন, শনিবার আগুন লাগার সময় বেশ কিছু বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছিল। সেইসব বিমানে থাকা ওষুধের কাঁচামাল ঠিকঠাক থাকবে কি না, তা নিয়েও সংশয় আছে, কারণ ওষুধের কাঁচামাল সংরক্ষণে তাপমাত্রা নিয়ন্ত্রণ অপরিহার্য। কিন্তু সেখানে সেই ব্যবস্থা নেই।

সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

[atn_photocard]
আরো