বিএসইসি-ডিএসই’র যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর যৌথ উদ্যোগে বিএসইসি’র কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী (০৯–১১ নভেম্বর ২০২৫) “বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে ডিএসই ট্রেনিং একাডেমি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) ড. মোঃ আসিফুর রহমান, বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
ড. আসিফুর রহমান তার বক্তব্যে বলেন, অংশগ্রহণকারীদের সামনে ডিএসই’র প্রযুক্তিগত সক্ষমতা, সার্ভিল্যান্স ব্যবস্থা ও আইটি সার্ভিসের আধুনিক অবকাঠামো তুলে ধরা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত পাঁচ থেকে ছয় বছরে ডিএসই-তে কোনো সার্ভিস ডিসরাপশন হয়নি, যা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও টিমওয়ার্কের ফল।
তিনি আরও বলেন, বাজারের কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে বিএসইসি ও ডিএসই উভয় প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ হোসেন খান বলেন, বিএসইসি ও ডিএসই’র সম্পর্ক সবসময় সহযোগিতামূলক। এই প্রশিক্ষণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে পুঁজিবাজারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, স্টক মার্কেট অপারেশন, বর্তমান পরিস্থিতি ও প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। পরবর্তী সেশনগুলোতে ডিএসই’র বিভিন্ন বিভাগ তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করে।
কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা ডিএসই’র বিভিন্ন বিভাগ ও একটি ব্রোকারেজ হাউস পরিদর্শন করেন।