অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬-এ অংশ নিচ্ছে ৩৮ বাংলাদেশি প্রতিষ্ঠান
বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট ২০২৬-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ৩৮টি প্রতিষ্ঠান। আগামী ৬ থেকে ১০ ফেব্রুয়ারি জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন, উদ্ভাবনী ও রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করবে।
আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের জন্য একক ও গুরুত্বপূর্ণ সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত অ্যাম্বিয়েন্তে মেলায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, প্রদর্শক ও পেশাদার ক্রেতাদের মিলন ঘটে। ডাইনিং, লিভিং, গিফটস, ডেকোরেশন, বিউটি অ্যান্ড বাথ, অফিস ও স্কুল সামগ্রী, প্যাকেজিংসহ বিস্তৃত পণ্যের সমাহার এই মেলাকে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম কেন্দ্রে পরিণত করেছে।
এবারের আসরে বাংলাদেশ থেকে ৩২টি প্রতিষ্ঠান সরাসরি প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ঢাকা হ্যান্ডিক্রাফ্টস, অপরাজেয়, আরএফএল প্লাস্টিকস, আকিজ সিরামিকস, পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ, সিওআরআর–দ্য জুট ওয়ার্কস, মনি জুট গুডস অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, গোল্ডেন জুট প্রোডাক্ট, গ্লোবাল গোল্ডেন জুট অ্যান্ড ক্রাফটস, আর্টিসান হাউস বিডি, আর্টিসান সিরামিকস, কনএক্সপো, হ্যান্ড টাচ, আর্থ বাউন্ডসহ আরও বেশ কয়েকটি সুপরিচিত প্রতিষ্ঠান।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তত্ত্বাবধানে আরও ৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এসব প্রতিষ্ঠান মূলত টেকসই উৎপাদন ও কারুশিল্পভিত্তিক পণ্যের প্রতিনিধিত্ব করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইকো ক্রেভ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, জুট ক্রাফটস, মাফ ক্রাফট বিডি এবং তারাঙ্গো।
অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট মেলা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য ইউরোপীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত। এই মেলার মাধ্যমে দেশের পণ্যের বৈচিত্র্য, সৃজনশীলতা ও টেকসই উৎপাদন সক্ষমতা বিশ্ববাজারে তুলে ধরার পাশাপাশি নতুন ক্রেতা সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে।