রিহ্যাব নির্বাচন ফেব্রুয়ারিতে, সব পদে সরাসরি ভোট
আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংগঠনের সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি বাছাই করবেন সদস্যরা।
রিহ্যাব নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) সব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ প্রতিটি পদেই প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। নির্বাচন আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন।
এবার পরিচালনা পর্ষদের মোট ২৯টি পদে নির্বাচন হবে এবং সবগুলোতেই সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনে অংশ নিচ্ছে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও ‘হৃদয়ে বাংলাদেশ’—এই তিনটি প্যানেল। এর মধ্যে আবাসন ঐক্য পরিষদ পূর্ণ প্যানেল নিয়ে মাঠে নামছে। উল্লেখযোগ্যভাবে, গত নির্বাচনে তারা ২৯টি পরিচালকের মধ্যে ২৫টি পদে জয় পেয়েছিল। অন্য দুটি প্যানেলে বেশ কয়েকটি পদে প্রার্থী নেই।
সভাপতি পদে এবার তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম এবং গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়ছেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক।
চারটি সহসভাপতি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। সহসভাপতি-১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস এবং অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি।
সহসভাপতি-২ পদে প্রার্থী হয়েছেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক এবং রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু।
সহসভাপতি-৩ পদে লড়ছেন র্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ।
সহসভাপতি (অর্থ) পদে প্রার্থী অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন।
চট্টগ্রাম অঞ্চল থেকে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভুঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ এবং সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান।
পরিচালক পদে মোট ২২ জন নির্বাচিত হবেন। এর মধ্যে ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে ২ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা অঞ্চলের ২০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী, আর চট্টগ্রামের দুইটি পদের বিপরীতে লড়ছেন তিনজন।
ভোটার তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ঢাকায় ভোটার সংখ্যা ৪৬১ জন এবং চট্টগ্রামে ৫৮ জন।