গৃহকর্মী নির্যাতন : স্ত্রীসহ বিমানের এমডির ব্যাংক হিসাব তলব
গৃহকর্মী শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী আক্তারের ব্যাংক হিসাব তলব করেছে আয়কর গোয়েন্দা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই দম্পতির ব্যাংক হিসাবের তথ্য চেয়ে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে দেশের সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ২০০ অনুযায়ী সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারের যাবতীয় হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সাফিকুর রহমান, বিথী আক্তার ও তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো মেয়াদি আমানত হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।
ব্যাংকগুলোর কাছে পাঠানো ওই নির্দেশনায় এফডিআর, এসটিডি, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, স্টুডেন্ট ফাইল, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও বন্ডসহ সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। ২০১৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ পর্যন্ত এসব হিসাবের বিবরণী এবং ঋণের বিপরীতে রক্ষিত জামানতের তথ্য আগামী সাত দিনের মধ্যে আয়কর গোয়েন্দাকে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গত রোববার গভীর রাতে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন। কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন– সাফিকুর রহমানের বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
গত রোববার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি রোডের বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মামলার বাদী ওই গৃহকর্মীর বাবা, যিনি পেশায় একজন হোটেল কর্মচারী।