কদমতলীতে এমএস আলীজান স্টিলে তিতাসের বিশেষ অভিযান, মিটার টেম্পারিংয়ের অভিযোগ
রাজধানীর কদমতলী শিল্প এলাকায় অবস্থিত এমএস আলীজান স্টিলে বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে শিল্পকারখানাটির গ্যাস মিটারে অবৈধভাবে টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের ভিজিলেন্স বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির গ্যাস মিটার বিশাল আকৃতির চুম্বক ব্যবহার করে বিকৃত করা হচ্ছিল। এর মাধ্যমে প্রকৃত গ্যাস ব্যবহারের পরিমাণ কম দেখিয়ে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে ভিজিলেন্স টিম মিটার পরীক্ষা-নিরীক্ষা করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (ভিজিলেন্স ডিভিশন) শাহজাদা ফারাজি। তিনি বলেন, গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে তিতাস গ্যাসের অভিযান অব্যাহত থাকবে। শিল্পকারখানায় মিটার টেম্পারিং বা গ্যাস চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, এমএস আলীজান স্টিলের কারখানাটি ঢাকার কদমতলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার ২১ নম্বর প্লট, ১০ নম্বর সড়কে অবস্থিত।