মেডিপ্লাস টুথপেস্ট নিয়ে বিতর্ক তীব্র, ইএসডিওর অভিযোগ উড়িয়ে দিল এনফোর্ডস

মেডিপ্লাস টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার অভিযোগ ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে প্রত্যাখ্যান করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনফোর্ডস বাংলাদেশ লিমিটেড। তবে এই ঘটনায় ভোক্তাদের মধ্যে পণ্যটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এক লিখিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এনফোর্ডস বাংলাদেশ দাবি করেছে, তাদের উৎপাদিত মেডিপ্লাস টুথপেস্টে ক্ষতিকর কোনো মাইক্রোপ্লাস্টিক থাকার সুযোগ নেই। প্রতিষ্ঠানটির ভাষ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা, শিল্পমান এবং প্রচলিত নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ করেই টুথপেস্ট উৎপাদন করা হয়।

কোম্পানির দাবি অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও নেপাল ও সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত রপ্তানি হওয়া এই পণ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপদ উপাদান ব্যবহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে টুথপেস্টের বিভিন্ন উপাদানের তালিকাও প্রকাশ করা হয় এবং দাবি করা হয়, এসব উপাদানে মাইক্রোপ্লাস্টিক থাকার সুযোগ নেই।

তবে ইএসডিওর প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা পুরোপুরি দূর করতে এখনো কোনো স্বাধীন বা সরকারি পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। ফলে অভিযোগ ও পাল্টা দাবির মধ্যে ভোক্তারা বিভ্রান্তির মুখে পড়েছেন।

এনফোর্ডস বাংলাদেশ বলেছে, তারা যেকোনো স্বচ্ছ, বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য এবং স্বাধীন মূল্যায়নকে স্বাগত জানায় এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে। একই সঙ্গে ভোক্তাদের বিভ্রান্ত না হয়ে কোম্পানির পণ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরো