বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে এখন থেকে এসব ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় থাকা গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও নিয়ন্ত্রকীয় জটিলতা দূর হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬)-এ মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ানের পরিচালনা পর্ষদ মনোনীত স্বাক্ষরকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ব্যাংক হিসাব বা সিকিউরিটিজ হিসাব পরিচালনার বিধান রয়েছে। অর্থাৎ ফান্ডের ব্যাংক ও সিকিউরিটিজ হিসাব পরিচালনার ক্ষেত্রে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মাধ্যমে স্বাক্ষরকারী নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ২০(এ) এর প্রদত্ত ক্ষমতাবলে বিদেশি মালিকানাধীন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি বা মনোনীত ব্যক্তি মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩ এর বিধি ৪৩(৬)-এর উদ্দেশ্য পূরণে পরিচালনা পর্ষদের পক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। Banking
বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৩-এর বিধি ৪৩(৬) যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ বিদেশি ব্যাংকগুলোকে বিধিমালার বাইরে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি; বরং তাদের স্থানীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে বিদ্যমান বিধানের বাস্তবায়নকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ সংরক্ষণ, ব্যাংক হিসাব ও সিকিউরিটিজ হিসাব পরিচালনায় কাস্টডিয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে কাস্টডিয়ান প্রতিষ্ঠানের পক্ষে কে এসব কার্যক্রম পরিচালনা করবেন, তা স্পষ্ট থাকা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। বিএসইসির নতুন নির্দেশনার ফলে এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বিষয়টি আরও পরিষ্কার হলো।