মার্কেন্টাইল ব্যাংকে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তাপস চন্দ্র পালের নেতৃত্বে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়েছে।
অভিযোগের নথি অনুযায়ী, ব্যাংকের সাসপেন্স ও ব্যয় হিসাব ব্যবহার করে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান, কয়েকজন পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, সিএসআর, ল্যাপটপ-সফটওয়্যার ও আসবাবপত্র কেনাকাটা এবং বিদেশে চিকিৎসা ব্যয়সহ বিভিন্ন খাতে অনিয়মের তথ্য পাওয়ার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাপস চন্দ্র পালের স্ত্রীর সিঙ্গাপুরে চিকিৎসা ও মরদেহ দেশে আনার খরচ ব্যাংকের অর্থে পরিশোধের অভিযোগ উঠেছে। চিকিৎসাকালে সিঙ্গাপুরে যাওয়া কয়েকজন কর্মকর্তার থাকা-খাওয়ার ব্যয়ও ব্যাংক থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাপস চন্দ্র পাল। তিনি বলেন, যথাযথ অনুমোদন ও নথিপত্র ছাড়া ব্যাংকের অর্থ সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অভিযোগের বিষয়ে ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জবাব চাওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ব্যাংকের আর্থিক সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক পরিদর্শকদের ভূমিকা নিয়েও অধিকতর তদন্ত চলছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।