পীরগাছায় সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি
রংপুরের পীরগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এজিএম কামাল পাশাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন পিও আতিকুল ইসলাম।
এর আগে পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ব্যাংক কর্তৃপক্ষের নজরে এলে অভিযোগগুলো তদন্তে কমিটি গঠন করা হয়।
রোববার তদন্ত কমিটির সদস্যরা দিনব্যাপী পীরগাছা শাখায় সরেজমিনে তদন্ত করেন। এ সময় তারা ব্যাংকে সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন।
তদন্তকালে ব্যাংকের সেবার মান, শাখা ব্যবস্থাপকের আচরণ, গ্রাহক হয়রানি, চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদান এবং ঋণসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের কাছে জানতে চাওয়া হয়। এ সময় একাধিক গ্রাহক ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হয়রানির অভিযোগ তদন্ত কমিটির কাছে তুলে ধরেন।
এ ছাড়া সাধারণ গ্রাহকদের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশে বাধা, তার ঘনিষ্ঠদের নিয়মিত কক্ষে যাতায়াত, বিভিন্ন কাজে মধ্যস্থতা এবং তাদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগও করেন কয়েকজন গ্রাহক।
ঋণ বিতরণ ও চেকবই প্রদানের ক্ষেত্রেও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে বলে জানা গেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও ব্যাংকের কার্যক্রম পর্যালোচনা করা হবে।
তদন্ত কমিটির প্রধান এজিএম কামাল পাশা বলেন, “জিএম স্যারের নির্দেশে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সরেজমিনে গ্রাহকদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দাখিল করব।”
দিনব্যাপী তদন্ত শেষে কমিটির সদস্যরা প্রয়োজনীয় তথ্য ও অভিযোগ সংগ্রহ করেন। তদন্ত শেষে ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।