ন্যাশনাল ব্যাংকের টাকা তুলতে না পেরে আদালতে ৪ আমানতকারী
নিজেদের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা জমা থাকার পরও চেকের মাধ্যমে সঞ্চয়ের অর্থ তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন ন্যাশনাল ব্যাংকের কয়েকজন আমানতকারী। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন চার আমানতকারী।
রিট আবেদনে আমানতকারীরা উল্লেখ করেন, ন্যাশনাল ব্যাংকে তাদের হিসাব রয়েছে এবং সেখানে পর্যাপ্ত অর্থ জমা রয়েছে। কিন্তু প্রয়োজনের সময় চেকের মাধ্যমে সেই অর্থ উত্তোলন করতে পারছেন না তারা। এতে দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজন মেটাতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
এ অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার দাবি জানালেও কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করেন আমানতকারীরা।
পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন তারা। তবে অভিযোগ করার পরও নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কার্যকর বা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের প্রতিকার না পেয়ে এবং নিজেদের সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার আশায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন চার আমানতকারী।
রিট আবেদনে তারা নিজেদের ব্যাংক হিসাবে থাকা অর্থ উত্তোলনের সুযোগ দেওয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।