সিনহা সিকিউরিটিজের আর্থিক বিবরণী সংশোধনের নির্দেশ ডিএসইর
শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ সিনহা সিকিউরিটিজ লিমিটেডের ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী সংশোধনের নির্দেশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে আগের সময়ের তুলনামূলক তথ্যও সংশোধন করে আর্থিক বিবরণী পুনঃপ্রকাশ করতে বলা হয়েছে।
সম্প্রতি সিনহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে ডিএসই। প্রতিষ্ঠানটির ১২ আগস্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সিনহা সিকিউরিটিজের আর্থিক বিবরণী নিয়ে বিভিন্ন পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দিয়েছিল ডিএসই।
ডিএসইর চিঠিতে বলা হয়েছে, আর্থিক বিবরণীর প্রয়োজনীয় সংশোধন করে আগের সময়ের তুলনামূলক তথ্যও সংশোধিতভাবে উপস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে সংশোধনের প্রতিটি বিষয়ের প্রকৃতি, কারণ ও আর্থিক প্রভাব বিস্তারিতভাবে জানাতে হবে। একই সঙ্গে সংশোধনের আগে ও পরের হিসাবের সমন্বয় বিবরণী এবং সংশ্লিষ্ট প্রমাণপত্র দাখিল করতে হবে।
সংশোধিত আর্থিক বিবরণী স্ট্যাটুটরি অডিটরের মাধ্যমে যাচাই ও সত্যায়িত করানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযোজ্য আন্তর্জাতিক হিসাবরক্ষণ মান (আইএএস), আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) এবং অন্যান্য আইন ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করতে বলা হয়েছে।
ডিএসই জানিয়েছে, আর্থিক বিবরণীতে সঠিক হিসাবরক্ষণ পদ্ধতি নির্ধারণ ও প্রয়োগের দায়িত্ব ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদ ও স্ট্যাটুটরি অডিটরের। তাই আর্থিক বিবরণীতে কোনো সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহির বিষয়টিও বিবেচনায় থাকবে।
এর আগে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে সিনহা সিকিউরিটিজের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ৯ কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়।
ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটিকে একাধিকবার সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা পূরণ না হওয়ায় ব্যবস্থা নেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর কমিশনের ৯২১তম সভায় সিনহা সিকিউরিটিজের পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের ব্যাংক ও বিও হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দেয় বিএসইসি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা সিইওদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে অনুরোধ জানানো হয়।