পুঁজিবাজারের টেকসই উন্নয়নে ডাইরেক্ট লিস্টিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার
সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানির স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুঁজিবাজারে টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি, বেসরকারি মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি জারি করা স্মারকের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
প্রজ্ঞাপনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ আগস্ট ২০২৬ তারিখের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে এখন সরকারি ও বেসরকারি মালিকানাধীন এবং বহুজাতিক কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি হলো।
প্রজ্ঞাপনটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য এর অনুলিপি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি জারি করা স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।