খোয়া যাওয়া পৌনে ৯ কোটি টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ বিকাশ

গ্রাহকদের হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দেনা-পাওনা নিয়ে বিরোধে জড়িয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। পাওনা ৮ কোটি ৮৫ লাখ টাকা আদায়ে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের (পিএসএসডি) কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছে বিকাশ।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের নভেম্বরে। বিকাশের গত ৫ অক্টোবর দেয়া চিঠি অনুযায়ী, ওই বছরের ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনলাইন ব্যাংকিং সেবা ‘অ্যাড মানি থ্রু আইব্যাংকিং’ ব্যবহার করে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাইপাস করে ৮ কোটি ৮৫ লাখ টাকা বিকাশে স্থানান্তর করা হয়। এতে গ্রাহকের অর্থ ব্যাংকে থেকে গেলেও তা বিকাশে স্থানান্তর হয়েছে বলে সিস্টেম দেখায়। এরপর এই টাকা বিকাশ থেকে তুলে নেয় প্রতারক চক্র।

এ ঘটনার পর লেনদেনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাড মানি সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেয়। একই সঙ্গে বিষয়টির জন্য এমএফএস প্ল্যাটফর্মকে দায়ী করা হয়। যদিও বিকাশ বলছে, বিতর্কিত লেনদেনের অনুরোধগুলো মূলত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও তাদের প্রযুক্তি অংশীদারের ডিজিটাল পরিবেশ থেকেই তৈরি হয়েছিল।

বিকাশের চিঠিতে উল্লেখ করা হয়, তাদের সিস্টেমে ওই লেনদেনের অনুরোধ পৌঁছেছিল একটি নিরাপদ ভিপিএন টানেল ও অনুমোদিত আইপি ঠিকানার মাধ্যমে যা আরএসএ কি, ডিজিটাল সার্টিফিকেট ও প্রাইভেট কি এর সাহায্যে সুরক্ষিত ছিল। এই প্রাইভেট কি সম্পূর্ণভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিয়ন্ত্রণে থাকায় তাদের ব্যবহার ছাড়া এই লেনদেন সম্ভব ছিল না।

বিকাশের পক্ষ থেকে এসব লেনদেন সংক্রান্ত ফায়ারওয়াল ডেটা, ভিপিএন সংযোগ ও কারিগরি প্রোটোকল সংক্রান্ত তথ্য ব্যাংকটিকে দেওয়া হয়েছে। কিন্তু পরে আন্তর্জাতিক ফরেনসিক তদন্তের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের গ্রুপ স্তরের প্রযুক্তি ব্যবহার করলেও বিকাশ থেকে চাওয়া ফাইনাল-হপ সিসকো ফায়ারওয়াল লগ সরবরাহ করতে পারেনি। ব্যাংকটির দাবি, এ ধরনের রেকর্ড সংরক্ষণ করা হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নিজস্ব পরিদর্শনের পর জানায়, বিকাশের জমা দেওয়া প্রমাণের বিপক্ষে কোনো অসংগতি পাওয়া যায়নি। উল্টো পরিদর্শনের প্রতিবেদনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রযুক্তি পরিবেশে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণগত ত্রুটি চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক।

কারিগরি পর্যালোচনার পর চলতি ২০২৬ সালের ৫ এপ্রিল উভয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এক সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, ওই বৈঠকের পর থেকে ছয় মাসের মধ্যে বিকাশকে পাওনা ৮ কোটি ৮৫ লাখ টাকা ফেরত দেওয়ার কথা ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ডের। একই সঙ্গে অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর সহায়তায় দুই প্রতিষ্ঠানের যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।

গত ৫ অক্টোবর নির্ধারিত ছয় মাসের সময়সীমা শেষ হলেও ব্যাংকটি টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ তুলেছে বিকাশ। বাংলাদেশ ব্যাংককে দেওয়া চিঠিতে বিকাশ জানায়, সম্প্রতি বাংলাদেশে নিজেদের খুচরা ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এতে পাওনা টাকা পাওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দীর্ঘদিনের অমীমাংসিত অর্থ দ্রুত আদায়ে বাংলাদেশ ব্যাংকের সরাসরি মধ্যস্থতা ও সহায়তা চেয়েছে বিকাশ।

এ বিষয়ে জানতে চাইলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান লুৎফুল হাবিব বলেন, ‘আমাদের পর্যালোচনা বলছে বিতর্কিত অর্থ স্থানান্তরের ঘটনাটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ঘটেনি এবং এর বিপরীতে আমাদের গ্রাহকদের হিসাব থেকেও কোনো অর্থ কাটা হয়নি। বিষয়টি এখনো পর্যালোচনা ও আলোচনার পর্যায়ে রয়েছে, যেখানে বৃহত্তর পেমেন্ট ইকোসিস্টেমের একাধিক পক্ষ জড়িত আছে। পর্যালোচনা শেষ হওয়ার পর যে প্রতিষ্ঠানের দায় প্রমাণিত হবে, তারা অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পক্ষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নেবে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপত্র আরিফ হোসাইন খান বলেন, ‘উভয় পক্ষ যখন চাচ্ছে, বাংলাদেশ ব্যাংক তো অবশ্যই সেখানে ভূমিকা রাখবে, কোনো সন্দেহ নাই। তবে সংশ্লিষ্ট বিভাগই কেবল বলতে পারবে চিঠিটির কোনো অগ্রগতি আছে কি না।’

[atn_photocard]
আরো