ওজেম্পিকসহ ওজন কমানোর ওষুধে এফডিএর সতর্কবার্তা, চোখের এই বিরল রোগ ‘নায়ন’ কী?
ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ওজেম্পিক, ওয়েগোভি, মাউনজারো ও জেপবাউন্ডসহ পুরো ‘জিএলপি-১’ শ্রেণির সব ওষুধের গায়ে এখন থেকে চোখের দৃষ্টিশক্তি হারানোর বিরল ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এনবিসি নিউজ ও ফার্মেসি টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর এফডিএ জানায়, রক্তপ্রবাহ কমে গিয়ে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে আকস্মিক দৃষ্টিহীনতা তৈরি করা রোগ ‘নন-আর্টেরিটিক অ্যান্টিরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি’ বা সংক্ষেপে ‘নায়ন’-এর ‘সম্ভাব্য বর্ধিত ঝুঁকির’ বিষয়টি ওষুধগুলোর প্যাকেটের সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
তবে এফডিএ একে সরাসরি প্রমাণিত নয় বরং ‘সম্ভাব্য ঝুঁকি’ বলে অভিহিত করেছে। সংস্থাটির নিজস্ব বিশ্লেষণে ঝুঁকির মাত্রায় সামান্য পার্থক্য পাওয়া গেছে এবং তাদের বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি যে এই ওষুধগুলো কীভাবে সুনির্দিষ্টভাবে চোখের এই ক্ষতি করতে পারে।
এফডিএর নির্দেশনার আওতায় যেসব ওষুধ
ফার্মেসি টাইমসের তথ্য অনুযায়ী, এই নির্দেশনার ফলে জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির সব ওষুধের লেবেলে সতর্কবার্তা যুক্ত করতে হবে। বাজারে থাকা প্রতিটি জিএলপি-১ ওষুধের ক্ষেত্রেই নায়ন-এর কিছু বিচ্ছিন্ন ঘটনা নথিবদ্ধ হওয়ার তথ্য জানিয়েছে এফডিএ।
এই আদেশের আওতায় থাকা মূল ওষুধগুলো হলো:
সেমাগ্লুটাইড: ওজেম্পিক, ওয়েগোভি এবং রাইবেলসুস
টিরজেপাটাইড: মাউনজারো এবং জেপবাউন্ড
অরফোরগ্লিপারন: ফাউন্ডায়ো (২০২৬ সালে অনুমোদিত বড়ি)
লিরাগ্লুটাইড: ভিক্টোজা, স্যাক্সেন্ডা ও জুলটোফি
ডুলাগ্লুটাইড: ট্রুলিসিটি
লিক্সিসেনাটাইড: সোলিকোয়া এবং জেনেরিক এক্সেনাটাইড।
উল্লেখ্য, এসব ওষুধের গায়ে আগে থেকেই অগ্ন্যাশয়ের প্রদাহ (প্যানক্রিয়াটাইটিস), পিত্তথলির সমস্যা ও কিডনি জটিলতার পাশাপাশি থাইরয়েড টিউমারের সম্ভাব্য ঝুঁকির সতর্কবার্তা রয়েছে।
নায়ন আসলে কী এবং এর লক্ষণ
অপটিক স্নায়ু মূলত চোখ থেকে মস্তিষ্কে ভিজ্যুয়াল সংকেত পাঠায়। নায়ন রোগে এই স্নায়ুতে রক্ত সরবরাহ মারাত্মকভাবে কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ক্ষতি সাধারণত স্থায়ী এবং চিকিৎসাবিজ্ঞানে এর কোনো নিশ্চিত প্রতিকার এখনো নেই। যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সী প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রতি বছর সর্বোচ্চ ১০ জন এই রোগে আক্রান্ত হন।
এফডিএর তালিকা অনুযায়ী, যেসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে:
এক চোখে হঠাৎ কোনো ব্যথা ছাড়া দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা (সাধারণত ঘুম থেকে ওঠার পর বোঝা যায়)।
চোখের সামনে অন্ধ বিন্দু (ব্লাইন্ড স্পট) তৈরি হওয়া বা টানেল ভিশন (চারপাশের দৃষ্টি সংকুচিত হওয়া)।
রঙের উজ্জ্বলতা কমে বিবর্ণ বা অস্বাভাবিক দেখা যাওয়া।
দৃষ্টিসীমার কেন্দ্রস্থল ঝাপসা বা কুয়াশাচ্ছন্ন মনে হওয়া।
চোখে এমন কোনো আকস্মিক পরিবর্তন দেখা দিলে রোগীকে তাৎক্ষণিকভাবে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানোর জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে এফডিএ।
ওষুধ কি বন্ধ করা উচিত?
এফডিএ রোগীদের নিজ থেকে ওষুধ সেবন বন্ধ করতে নিষেধ করেছে। তাদের নির্দেশনা মূলত চিকিৎসকদের জন্য: যদি কোনো রোগীর ক্ষেত্রে নায়ন শনাক্ত হয়, তবে ওষুধের সুফল ঝুঁকির চেয়ে বেশি না হলে চিকিৎসকদের ওষুধটি বন্ধ করার বিষয়টি বিবেচনা করা উচিত। বিশেষ করে যাঁদের এক চোখে ইতিমধ্যে নায়ন হয়েছে, তাঁদের অন্য চোখেও এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
গবেষণার তথ্য কী বলছে?
১ লাখ ৩৪ হাজারেরও বেশি রোগীর ওপর পরিচালিত ১২৬টি ট্রায়ালের সমন্বিত বিশ্লেষণে ১৫টি নায়নের ঘটনা পাওয়া গেছে—যার ১০টি ছিল জিএলপি-১ ব্যবহারকারীদের মধ্যে এবং পাঁচটি ছিল প্লাসিবো (ওষুধবিহীন) গ্রহণকারীদের মধ্যে। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে এই হার মাত্র ৬.৪ বনাম ৩.৮।
মূলত টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, ধূমপান ও রক্তস্বল্পতার মতো যেসব রোগে নায়নের ঝুঁকি এমনিতেই বেশি থাকে, সেই একই রোগগুলোর কারণেই রোগীরা সাধারণত এসব ওষুধ সেবন করে থাকেন। ফলে ওষুধ নিজেই এই রোগ তৈরি করছে নাকি রোগীর বিদ্যমান শারীরিক জটিলতা এর জন্য দায়ী—তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ২০২৫ সালের জুনেই সেমাগ্লুটাইডের খুব বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে নায়ন-এর ঝুঁকি নথিবদ্ধ করেছিল। তবে ইউরোপ কেবল সেমাগ্লুটাইডের ক্ষেত্রে সিদ্ধান্ত নিলেও মার্কিন এফডিএ পুরো শ্রেণির সব ওষুধের ওপরই এই সতর্কতা বাধ্যতামূলক করেছে।
ওজেম্পিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক এবং মাউনজারো নির্মাতা এলি লিলি উভয়ই জানিয়েছে, রোগীদের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়টি নিয়ে তারা সচেতন রয়েছে।