এনবিআরে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন

ই-রিটার্ন সিস্টেমের সহায়তার জন্য সার্ভিস সেন্টারের উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ে এনবিআরে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা। এ সময় এনবিআরের সব সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় ওই সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনকালে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সে উদ্দেশ্যে এনবিআরের সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করা হবে। এজন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিসেস ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ ১১ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড়কেও ছাড়িয়ে গেছে। এলডিসি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

তিনি বলেন, এনবিআর আগামী মাসগুলোতে ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যে কাজ করে যাবে, যার একটি অংশ এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারটি।

তিনি ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনে রূপান্তরের ক্ষেত্রে ই-রিটার্ন সিস্টেমের উন্নয়ন এবং সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

মিশেল ক্রেজা এনবিআরকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন এবং এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ ও অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সার্ভিস সেন্টারটি সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাবেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধান পাবেন বলে জানিয়েছে এনবিআর।

[atn_photocard]
আরো