এসেনশিয়াল ড্রাগসকে তালিকাভুক্তির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিএসই’র চিঠি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় দেশের সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ (এসওই) বা সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও বৈঠকের আমন্ত্রণ জানানোর কাজ চলছে। ডিএসই আশা করছে শিগগিরই লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

এর ধারাবাহিকতায়, সরকারি মালিকানাধীন ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)কে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ডিএসই। পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে বাস্তবায়নে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বরাবর এ চিঠি প্রেরণ করেন। চিঠির অনুলিপি মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খোন্দকার রাশেদ মকসুদ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা বরাবর পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে সরকারি কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে নিয়ন্ত্রক বিএসইসি ও ডিএসই কাজ করে আসলেও মূলত সরকারি প্রতিষ্ঠানের অনাগ্রহের কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের ১১ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তির সুদূরপ্রসারী পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করেন।

ডিএসইর চিঠিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে এগোচ্ছে, তখন এ উদ্যোগ সময়োপযোগী। এসেনশিয়াল ড্রাগস দীর্ঘ দুই দশক ধরে লাভজনক ও কৌশলগত গুরুত্ব সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর আওতায় পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রস্তুত।

চিঠিতে আরও বলা হয়েছে, এসেনশিয়াল ড্রাগসের তালিকাভুক্তি কর্পোরেট সুশাসন, কর্মক্ষম শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়তা করবে। এটি দেশের পুঁজিবাজারের মানদণ্ড বৃদ্ধি, গভীরতা ও বৈচিত্র্যকরণে অবদান রাখবে। সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং সরকারের অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাত উন্নয়নে গতিশীলতা আনবে।

ডিএসই এসেনশিয়াল ড্রাগসকে সহজ ও কার্যকরভাবে পুঁজিবাজারে তালিকাভুক্তি করতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এই উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে ডিএসই বিশ্বাস করে। এজন্য মন্ত্রণালয়ের সঙ্গে সুবিধাজনক সময়ে আলোচনা করতে তারা আগ্রহী এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন কর্মকর্তা বলেন, ‘এসেনশিয়াল ড্রাগসকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে। এখন পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি, তবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় আমরা যুক্ত রয়েছি।’

গত ৭ জুলাই শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বৈঠকে দেশের বিদেশি বা বহুজাতিক মালিকানাধীন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়।

২১ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

২৪ জুলাই ডিএসই দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সরকারি কোম্পানি তালিকাভুক্তির প্রক্রিয়া দ্রুততর করার সিদ্ধান্ত নেয়।

২৯ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির সঙ্গে পুঁজিবাজারের অংশীজনদের তৃতীয় মাসিক সমন্বয় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানান, ‘পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন সরকারি কোম্পানি তালিকাভুক্তির জন্য কাজ চলছে। কিছু কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

৩১ জুলাই একই নির্দেশনায় সরকারি মালিকানাধীন লাভজনক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বৈঠক করেন ড. আনিসুজ্জামান চৌধুরী। বৈঠকে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তি (ডাইরেক্ট লিস্টিং) বিষয়েও আলোচনা হয়।

বিএসইসির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে লাভজনক ১৫টি কোম্পানির তালিকা তৈরি করা হয়েছে। সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে — ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি) বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, সিনজেন্টা (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, বি-আর পাওয়ারজেন লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন লিমিটেড ও জীবন বীমা কর্পোরেশন লিমিটেড।

বর্তমানে পুঁজিবাজারে মাত্র ২০টি সরকারি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, যাদের বাজার মূলধন মোট পুঁজিবাজারের মাত্র ৭.৮১ শতাংশ। সর্বশেষ ২০১২ সালে কোনো সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলো হলো— এটলাস বাংলাদেশ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিডি সার্ভিস), বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিসিএল), বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ইস্টার্ন কেবলস, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইবিসি), যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টিউবস, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর, রূপালী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, তিতাস গ্যাস, উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি, লিন্ডে বাংলাদেশ ও জিলবাংলা সুগার মিলস।

[atn_photocard]
আরো