হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিত্তিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
২৪ আগস্ট ২০২৫ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, পুঁজিবাজারের এক শ্রেণীর অসৎ ব্যক্তিবর্গ ডিএসই’র নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছে। বিষয়টি ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় রেগুলেটর, ব্রোকারেজ হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএসই’র ওয়েব ব্যানারে প্রতারণা থেকে সাবধান হওয়ার বার্তাও প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানায়, এ ঘটনায় ক্ষিলক্ষেত থানায় অভিযোগ দাখিল করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থা তদন্ত অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসই’র অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। তাই অতিরিক্ত মুনাফার প্রলোভনে প্রতারক চক্রের পাল্লায় না পড়তে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়।
ডিএসই উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “পুঁজি আপনার, বিনিয়োগ আপনার। তাই প্রতারণা থেকে দূরে থাকুন এবং জেনে-বুঝে বিনিয়োগ করুন।”