ডিএসই–আইআইএক্স সমঝোতা পুঁজিবাজারে অরেঞ্জ বন্ড চালুর উদ্যোগ

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট চালু ও সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ চুক্তি সম্পাদিত হয়।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মিসেস নুজহাত আনোয়ার এবং আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর দুররীন শাহনাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্ব দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার-স্মার্ট ও জলবায়ু-সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।না

সমঝোতা স্মারকের আওতায়, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডিএসই স্বতন্ত্র থিম্যাটিক বা টেকসই অর্থায়ন শ্রেণির অধীনে ‘অরেঞ্জ বন্ড’ তালিকাভুক্তির সম্ভাবনা যাচাই করবে।

এছাড়া বাজার প্রস্তুতি বৃদ্ধি, সচেতনতা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে অরেঞ্জ ইনস্ট্রুমেন্টকে একটি বিশ্বাসযোগ্য থিম্যাটিক ঋণ সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে যৌথ অ্যাডভোকেসি, বাজার সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কর্মশালা, বিনিয়োগকারী সম্পৃক্ততা কর্মসূচি এবং নীতিগত সংলাপের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সকল কার্যক্রম বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর আলোকে পরিচালিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

নুজহাত আনোয়ার বলেন, জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইআইএক্স-এর সঙ্গে এ সহযোগিতা উদ্ভাবনী ও প্রভাবভিত্তিক আর্থিক উপকরণ প্রবর্তনে সহায়ক হবে।

প্রফেসর দুররীন শাহনাজ বলেন, বাংলাদেশের আর্থিক বাজার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রূপান্তরের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ডিএসই-এর সঙ্গে যৌথ উদ্যোগ অরেঞ্জ পুঁজিবাজার অগ্রসর করবে এবং লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও জানান, বৈশ্বিক মানদণ্ড সংযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

২০০৯ সাল থেকে আইআইএক্স বৈশ্বিক ইমপ্যাক্ট ইনভেস্টিং আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমে গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়ন ব্যবস্থাকে পুনর্গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী আইআইএক্স প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বেসরকারি পুঁজি সংগ্রহ করেছে এবং ১৮৫ মিলিয়নেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি ১.৯ মিলিয়ন মেট্রিক টনের বেশি কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা করেছে।

এই সমঝোতা স্মারক টেকসই অর্থায়নে উদ্ভাবন ত্বরান্বিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল পুঁজিবাজার গড়ে তুলতে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

আরো