ডিএসই-সিইএবি বৈঠক: চীনা বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ
বাংলাদেশে কার্যরত চীনা কোম্পানিগুলোর সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিইএবি’র ভাইস প্রেসিডেন্ট মা বেন।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বৈঠকে বলেন, দেশের পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করা হবে। নতুন বিনিয়োগ আকৃষ্ট ও যৌথ লক্ষ্যে পৌঁছাতে নিয়মিত সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মা বেন বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ-চীন ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর হবে। বর্তমানে সিইএবি’র সদস্য সংখ্যা ২৫০-এর বেশি, যারা অবকাঠামো, জ্বালানি, আইটি ও লজিস্টিকসহ বিভিন্ন খাতে সক্রিয়।
বৈঠকে ডিএসই’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং আগ্রহী চীনা কোম্পানিগুলোর তালিকাভুক্তি ও বিনিয়োগে সহায়তার আশ্বাস দেওয়া হয়। শেষে প্রতিনিধিদল ডিএসই টাওয়ারের বিভিন্ন সুবিধা পরিদর্শন করে।