১৭ মে পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন, সময় বাড়বে না আর
২০২৫–২০২৬ করবর্ষে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৭ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, পূর্বঘোষিত সময়সীমা ১৫ মে শেষ হওয়ার কথা থাকলেও ওই দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী সময় একদিন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।
এরপর ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর দাখিলের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়ে দিয়েছে এনবিআর।
এনবিআর জানিয়েছে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।