স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের (ব্র্যান্ড নাম ‘স্বপ্ন’) ব্যবসা সম্প্রসারণে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এসিআই পিএলসির পরিচালনা পর্ষদের সভায় এ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিনিয়োগের অংশ হিসেবে এসিআই পিএলসি, এসিআই লজিস্টিকস লিমিটেডের ইস্যু করা ১ হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কিনবে।
চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কোম্পানি।
এসিআই সূত্র জানিয়েছে, এ বিনিয়োগের মাধ্যমে এসিআই লজিস্টিকসের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার হবে।