১৪ দিন পর যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

টানা ১৪ দিন বন্ধ থাকার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুরোদমে চালু হয়।

কারখানাটি পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সারনির্ভর কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উৎপাদন অব্যাহত থাকলে আসন্ন মৌসুমে উত্তরাঞ্চলে ইউরিয়া সারের সংকট কমাতে সহায়ক হবে।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম

কমল স্বর্ণের দাম

এরপর উৎপাদন শুরুর প্রস্তুতি নেওয়া হলেও প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় তা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে গ্যাসের চাপ বাড়লে গত ৭ অক্টোবর রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ৯ অক্টোবর থেকে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কারখানার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা টানা দুই সপ্তাহ কাজ করে যান্ত্রিক ত্রুটি মেরামত করেন।

যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানান, প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে দুই দিন আগেই বয়লারের ত্রুটি সম্পূর্ণ দূর করতে সক্ষম হন। পরে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ায় শুক্রবার সকাল ১০টা থেকে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানাটি ১৯৯১ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতাসম্পন্ন কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ দেশের উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে। কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় সংশ্লিষ্ট জেলাগুলোতে ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

[atn_photocard]
আরো