ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট

সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া এ সিদ্ধান্তের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।

এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত নেয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডির কমিটি বাতিল করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, মাদ্রাসাগুলোতে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর (খ) ধারার ১(খ)(১) ও ১(খ)(৩) অনুযায়ী সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে জেলা সদরে অবস্থিত মাদ্রাসার সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়। আর বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বিধি অনুযায়ী নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছিল।

[atn_photocard]
আরো