বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

এর আগে গ্রাহকদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়ন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

[atn_photocard]
আরো