কোকোলা ফুডের বিরুদ্ধে ১২০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা

কোকোলা ফুডের বিরুদ্ধে ১২০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলাThe City Bank powerful banking App City Touch
৫৩ বছরের পথচলায় মারি বিস্কুট দিয়ে পরিচিতি পাওয়া কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে উঠেছে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগ। বিস্কুট, চকোলেট ও বিভিন্ন কনফেকশনারি পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সহযোগী সংস্থাগুলোসহ মোট ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকা ভ্যাট ফাঁকির মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে এসব অনিয়মের তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দা। গাজীপুরে কোকোলা ফুডের মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে প্রায় ৬৪৬ কোটি টাকা জমার তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলোর ভ্যাট নিবন্ধন নেই, জমা দেওয়া হয়নি কোনো রিটার্নও। অভিযোগ রয়েছে, অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হয়েছে।

কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া। পরিচালকদের মধ্যে রয়েছেন তার ছেলে নোমান মিয়া ও মো. আবু সাঈদ। রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সুপারিশ করেছে তদন্ত সংস্থা।

২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুডের পণ্য বিক্রির পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকা।

এরমধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রি গোপন রাখার তথ্য পেয়েছে গোয়েন্দা দল। এতে সুদসহ অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা।
এ ছাড়া কেনাকাটা ও অন্যান্য ব্যয়ের বিপরীতে উৎসে মূসক বাবদ ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা প্রযোজ্য থাকলেও পরিশোধ করা হয়েছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা। বকেয়া সুদসহ দাঁড়িয়েছে ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা। স্থাপনা ভাড়ার বিপরীতেও বকেয়া রয়েছে ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

সব মিলিয়ে মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ বছরে সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা ফাঁকির হিসাব করা হয়েছে।
অনুসন্ধানে পাঁচ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। এসব অর্থ বিক্রির আয় ধরে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট অনাদায়ের হিসাব করেছে সংস্থাটি।

এর মধ্যে ইউনিক ট্রেডার্সের নয়টি হিসাবে জমা হয়েছে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা। এর বিপরীতে ফাঁকির পরিমাণ ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা। এনএস করপোরেশনের পাঁচ হিসাবে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা জমার বিপরীতে অনাদায়ী ভ্যাট ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা।

বিসমিল্লাহ ট্রেডিংয়ের দুই হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমার বিপরীতে ফাঁকি ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা। সুভানী করপোরেশনের দুই হিসাবে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা জমার বিপরীতে ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা এবং মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির একটি হিসাবে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা জমার বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।

তদন্তকারীদের ভাষ্য, সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে গিয়ে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের অস্তিত্ব মেলেনি। কোকোলা ফুডের বিক্রির অর্থ সহযোগী সংস্থাগুলোর হিসাবে স্থানান্তর করে রাজস্ব ফাঁকির কৌশল নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই মালিকানা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আটটির মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা।

প্রতিবেদনে মূল প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে পৃথক মামলা, দাবিনামা জারি এবং মালিকপক্ষের ব্যাংক হিসাব জব্দের সুপারিশ করা হয়েছে। এনবিআর জানিয়েছে, মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নথি গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে সাড়া না পাওয়ায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি প্রথমে কোনো জবাব দেননি। পরে লিখিত প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন করেন, ‘কে দিসে এই খবর? চিলে কান নিয়া গেছে?’ এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

[atn_photocard]
আরো