সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ

প্যাকিং মেশিন আমদানির ঘোষণায় সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের ৭টি মেশিনসমন্বিত একটি প্ল্যান্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মেশিনগুলো আমদানি করে। যা চট্টগ্রাম বন্দর থেকে বুধবার (১১ নভেম্বর) জব্দ করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো আল আমিন শেখ নিশ্চিত করেছেন।

এনবিআর জানায়, গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সিআইআইডির পরীক্ষায় চালানটিতে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার। অর্থাৎ, চালানে শুধু প্যাকেটজাতকরণের সরঞ্জাম নয়, সিগারেট তৈরির মূল মেশিনও রয়েছে।

আমদানি নথি অনুযায়ী, চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা। তবে সিআইআইডির তদন্তে পাওয়া যায় ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার মেশিন। অর্থাৎ, প্রাথমিক হিসাবে মেশিনগুলোর মূল্য ঘোষিত দামের প্রায় ২৫ গুণ। আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের জন্য নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।

সিআইআইডির তথ্যপত্র বলছে, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ। এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক যাচাই চলছে। ধারণা করা হচ্ছে ওই মেশিন দিয়ে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করা হতো। যেখানে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন এবং সরকার রাজস্ব হারাতে পারে।

[atn_photocard]
আরো