জীবনের প্রতিটি ধাপেই জালিয়াতি কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনের

শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিদেশ ভ্রমণে গিয়ে গভর্নরের অনুমোদন ছাড়াই রিজার্ভ-সংশ্লিষ্ট স্পর্শকাতর সেমিনারে অংশগ্রহণ, চাকরিতে যোগ দেওয়ার পর নাম-পরিচয়, ঠিকানা, ছবি ও স্বাক্ষর পরিবর্তন, পরীক্ষার খাতায় গরমিলের অভিযোগসহ একের পর এক বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা মো. সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমন। এ ছাড়া একই দিনে একই ব্যাংকের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করে সেই ডলার ১১৬ টাকায় আবার কিনেও নিয়েছেন। এতে কেন্দ্রীয় ব্যাংকের ৫৪ কোটি টাকা ক্ষতি হয়। অসুস্থতার কারণ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে প্রতি মাসে ২ লাখ ৬৪ হাজার টাকা নেওয়ারও প্রমাণ মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে।

অন্যদিকে, কুমিল্লায় আলিশান বাড়ি, রাজধানীতে ফ্ল্যাট-প্লট ও খাতা-কলমে ঢাকার ডেমরায় বহুতল ভবনের মালিকানাও রয়েছে তার। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের সঙ্গে অসম মৌখিক চুক্তির কারণে কেন্দ্রীয় ব্যাংকের অন্তত ৪৩৬ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। চাকরিতে যোগদানের সময় সার্টিফিকেট যে গেজেটেট অফিসারকে দিয়ে সত্যায়িত করিয়েছিলেন সে নামে ওই সময়ে ঢাকা মেডিকেলে কোনো ডাক্তারই ছিলেন না। শিক্ষা, চাকরি, বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে শুরু করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন—কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমনের পুরো জীবনই যেন রহস্যময়। জীবনের প্রায় প্রতিটি ধাপে করেছেন জালিয়াতি আর প্রতারণা। আর এসব জালিয়াতির পেছনে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের প্রশ্রয় রয়েছে বলে জানা গেছে। তার বিশেষ সুপারিশেই বারবার পেয়েছেন পদোন্নতিও।

গত ২৫ আগস্ট এই সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমনকে নিয়ে ‘ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সেখানে দেশের একটি বেসরকারি ব্যাংককে সুবিধা দিয়ে রাষ্ট্রীয় প্রায় ৫৪ কোটি টাকা ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়। সেই প্রতিবেদনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। তবে সে বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সুমন মিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের পরে তার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জালিয়াতির তথ্য-প্রমাণ আসতে থাকে কালবেলার হাতে। সেসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রায় সবগুলোরই প্রমাণ মেলে।

যার মধ্যে সবচেয়ে ভয়ংকর তথ্য হলো—শিক্ষাছুটিতে থাকা অবস্থায় গভর্নরের অনুমতি ছাড়াই রিজার্ভ সম্পর্কিত একটি স্পর্শকাতর সেমিনারে অংশগ্রহণ। অনুসন্ধানে শাহনেওয়াজ সুমনকে শিক্ষাছুটি মঞ্জুরের একটি চিঠি এসেছে কালবেলার হাতে। সেই চিঠিতে বলা হয়, প্রধান কার্যালয়ে কর্মরত যুগ্মপরিচালক (বর্তমান অতিরিক্ত পরিচালক) শাহনেওয়াজ সুমনকে (আইডি-১৮৪০৬১৯৮) মালয়েশিয়ার ইউনিভর্সিটি অব মালয়-তে অর্থনীতিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য ২৭ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৭ জুলাই ২০২৭ তারিখ পর্যন্ত মেয়াদে পূর্ণ বেতন ভাতায় প্রেষণ এবং ২৮ জুলাই ২০২৭ থেকে ২৭ জুলাই ২০২৯ তারিখ পর্যন্ত অর্ধগড় বেতনে বহিঃবাংলাদেশ শিক্ষাছুটি মঞ্জুর করা হয়।

অন্যদিকে নথিপত্র বলছে, শাহনেওয়াজ সুমন শিক্ষাছুটিতে থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক দুটি সম্মেলনে অংশ নেন বলে একটি বিদেশি প্রতিষ্ঠানের চিঠিতে উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাংকে পাঠানো সেই ইমেইল এসেছে কালবেলার হাতে। ২০২৪ সালের ৫-৬ ডিসেম্বর সিঙ্গাপুরে ‘গ্লোবাল ইস্ট’ এবং ২০২৫ সালের ৮-৯ মে লন্ডনে ‘গ্লোবাল ওয়েস্ট’ সম্মেলনে অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইনস্টিটিউশনাল ইনভেস্টর-এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড ডু প্লয়ের পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যুগ্ম পরিচালক শাহনেওয়াজ সুমনের অংশগ্রহনের সত্যতা পাওয়া যায়। অথচ শিক্ষাছুটিতে থাকা অবস্থায় তিনি কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন, সে প্রশ্ন উঠেছে। আর এই সফরের অনুমোদনও ছিল না কেন্দ্রীয় ব্যাংকের। এ ছাড়াও সফরের ব্যয় কে বহন করেছে এবং সম্মেলনে তিনি কী ভূমিকা পালন করেছেন, সেখানে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাচার করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দুটি অনুষ্ঠানই সরকারি বিনিয়োগ ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, সার্বভৌম সম্পদ তহবিল ও সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব আয়োজনে অংশ নেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা, বৈশ্বিক বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, সরকারি তহবিলের বিনিয়োগ কৌশল ও আর্থিক খাতের ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হয়।

অনুসন্ধানে জানা যায়, শাহনেওয়াজ সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার হাসানপুরের ঢাকারগাঁও গ্রামে। সুমনের বেড়ে ওঠা সেখানেই। মাধ্যমিকের পাঠ চুকিয়েছেন দাউদকান্দি পাইলট উচ্চবিদ্যালয়ে। সেখানকার রেজিস্টারে তার তথ্য সবই ঠিকঠাক আছে। এরপর ভর্তি হন রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজে। সেখান থেকে ২০০১ সালে দ্বিতীয় বিভাগে পাস করেন। তখন তার নাম ছিল সুমন মিয়া। তার মার্কশিটে দেখা যায়, তিনি ইংরেজি দুই বিষয় মিলিয়ে সর্বসাকল্যে মার্ক পেয়েছেন ৬২। এর মধ্যে প্রথমপত্রে ২৯ এবং দ্বিতীয়পত্রে ৩৩। পরে অতিরিক্ত ৪ মার্ক গ্রেস যোগ করে ৬৬ বানিয়ে তাকে পাস করানো হয়। এ ছাড়া বাংলা প্রথমপত্রে তার প্রাপ্ত নম্বর ৩৩ ও দ্বিতীয় পত্রে ৪০। মার্কশিটে প্রায় সব বিষয়ের ফলাফল কাছাকাছি।

এর আগে তিনি দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে তিনি পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে এ সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে তার স্নাতক পাসের একটি সার্টিফিকেট কালবেলার হাতে এসেছে। অবশ্য সেই সার্টিফিকেটটি অনলাইনে যাচাই করা সম্ভব হয়নি। পরে চট্টগ্রামের ওই বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে দেখা গেছে, তাদের কাছেও মো. সুমন মিয়ার সার্টিফিকেট সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য নেই। তবে তারা সার্টিফিকেটটি সঠিক বলে নিশ্চিত করেছেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারওয়াইজ ফলাফলে সুমন মিয়ার তথ্য চাইলে কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মর্তুজা আহমেদ কালবেলাকে বলেন, ‘এখানে তখনকার রেকর্ড রাখা হতো না।’ ইউনিভার্সিটিতে সব শিক্ষার্থীর বিস্তারিত তথ্য থাকার কথা—এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. মর্তুজা বলেন, ‘এখন আপনি বললেই হয়ে গেল? আপনি বললে তো আর থাকতে হবে বললেই থাকবে না। এখন রাখতেছি, এখন যারা ভর্তি হচ্ছে সেগুলো রাখতেছি, তখন ছিল না আর কি।’ তিনি আরও বলেন, ‘এই শিক্ষার্থী ঢাকা ক্যাম্পাসের।’

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মর্তুজা আহমেদের বক্তব্য সন্দেহজনক মনে হলে বিশ্ববিদ্যালয়টি নিয়ে অনুসন্ধান করে। এ অনুসন্ধানে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়কার ইউজিসির একটি অফিস অর্ডার কালবেলার হাতে আসে। এতে দেখা যায়, ২০০৭ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদিত ও অননুমোদিত সব আউটার ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়। সে বছরের ১৪ আগস্ট একটি জাতীয় ইংরেজি দৈনিকের খবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউজিসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘এসব ক্যাম্পাসের বিরুদ্ধে শিক্ষার নামে সনদ বিক্রির অভিযোগ ছিল। অনেক ক্যাম্পাসের নিজস্ব শিক্ষক না থাকায় কলেজপর্যায়ের শিক্ষকদের ভাড়া করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হতো।’

ইউজিসি সূত্রে জানা গেছে, মানসম্মত শিক্ষা প্রদান না করে সনদ বিক্রির কারণে সেসময় বেশকিছু বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এসব প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক বা কোর্স কারিকুলাম পর্যন্ত ছিল না। বন্ধের নির্দেশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টাস্কফোর্সও গঠন করা হয়। পরে ইউজিসি প্রায় ১০০টি আউটার ক্যাম্পাসকে অবৈধ ঘোষণা করে। এর মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল ১ নম্বরে। ওই তালিকা কালবেলার হাতে রয়েছে। আর সুমন মিয়ার সার্টিফিকেটে তারিখ লেখা রয়েছে ৫ এপ্রিল ২০০৭।

অনুসন্ধানে জানা যায়, আইআর থেকে পড়াশোনার কথা বললেও বাস্তবে মো. সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমন নিষিদ্ধ হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস থেকে নেওয়া সার্টিফিকেট দিয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করেন।

এসব সার্টিফিকেট তিনি পরে ঢাকা মেডিকেলের মেডিসিন অফিসার ডা. শাহ আ. হামিদের মাধ্যমে সত্যায়িত করে যোগদানের সময় কেন্দ্রীয় ব্যাংকে জমা দেন। সার্টিফিকেটে সত্যায়নের তারিখ দেখানো হয় ১৮ জানুয়ারি ২০১০। তবে ঢাকা মেডিকেলে খোঁজ নিয়ে দেখা গেছে—ওই সময়ে এ নামে ঢাকা মেডিকেল কোনো ডাক্তার বা মেডিকেল অফিসার ছিলেন না। এমনকি ঢাকা মেডিকেলে এ নামে কোনো ডাক্তারই নেই। তবে সুমন মিয়ার সত্যায়িত সার্টিফিকেটের সিলমোহরে ডাক্তারের কোনো আইডি বা বিএমডিসি নম্বর ছিল না। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর ওয়েবসাইটে ওই নামে সার্চ করে কোনো ডাক্তার পাওয়া যায়নি। এতে প্রমাণিত হয়, সেই সার্টিফিকেট সত্যায়িত করা হয় অস্তিত্বহীন ডাক্তারের মাধ্যমে।

অনুসন্ধানে শাহনেওয়াজ সুমনের ব্যক্তিগত জীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে হাতে। তথ্য বলছে, সুমন মিয়া বাংলাদেশ ব্যাংকে চাকরির পরে আইইএলটিএসের সনদ জালিয়াতি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। পরে সেটি ধরা পড়লে মার্কিন ভিসা বাতিল হয় এবং তার পাসপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপর তিনি নির্বাচন কমিশন থেকে নাম পরিবর্তন করে মো. সুমন মিয়া থেকে হয়ে যান শাহনেওয়াজ সুমন। নাম পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া তার সব কাগজপত্র সংগ্রহ করেছে কালবেলা। সেখানে দেখা যায়, তিনি নাম পরিবর্তনের জন্য করা আবেদনের সঙ্গে দৈনিক সোনালী বার্তা নামে একটি পত্রিকার বিজ্ঞাপন, নাম পরিবর্তন-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের ৯ জুলাই ২০১৫ সালের একটি অফিস আদেশ, এসএসসির অনলাইন মার্কশিট ও এইচএসসির সার্টিফিকেট জমা দেন। সঙ্গে তিনি একটি হলফনামাও যুক্ত করেন। এসএসসির অনলাইন মার্কশিটে ‘মাদার্স নেম’ অপশন থাকলেও সেখানে মায়ের নাম নেই। আবেদনের কপিতে লেখা রয়েছে, নাম, ছবি ও স্বাক্ষর সংশোধিত হবে। সেখানে ইসির একজন কর্মকর্তার স্বাক্ষর দিয়ে আরও লেখা রয়েছে, ‘জরুরি ভিত্তিতে পেশ করুন।’

সুমন মিয়ার নাম পরিচয় নিয়ে লুকোচুরি খেলার কিছুটা মিল খুঁজে পাওয়া যায় আনসারী নিয়োগ জালিয়াতির সঙ্গে। ২০১৩ সালে নিয়োগ পেয়েও মো. আব্দুল ওয়ারেছ আনসারী বাংলাদেশ ব্যাংকে যোগ না দেওয়ায় সেই সুযোগটিকে কাজে লাগান বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান মিঞা। আব্দুল ওয়ারেছ আনসারীর জায়গায় নিজের ভাগনেকে নিয়োগ দেন। এ জন্য ভাগনের নাম বদলে আব্দুল ওয়ারেছ আনসারী রাখা হয়। আবদুল ওয়ারেছ আনসারী নামে শাহজাহান মিঞার ভাগনে কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করেন ১২ বছর, দুটি পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম পরিচালক। সম্প্রতি এক তদন্তে এ তথ্য বেরিয়ে আসার পর মো. শাহজাহান মিঞাকে বরখাস্ত ও তার ভাগনের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক।

গত ২৫ আগস্ট দৈনিক কালবেলায় সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমনকে নিয়ে ডলার কারসাজির সংবাদ প্রকাশের পর তিনি দাবি করেছিলেন, ‘ডলার পরেরদিন সেল হলেও ডিল আগে করা হয়েছিল।’ তার বক্তব্যের সত্যতা খুঁজতে ইসলামী ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারে মূল্য বৃদ্ধি ও লেনদেনের সব চিঠিপত্র সংগ্রহ করে কালবেলা। সেসব চিঠিপত্র থেকে তার বক্তব্যর সত্যতা মেলেনি।

অনুসন্ধানে দেখা যায়, ২০২৪ সালের ৮ মে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা একটি অফিস অর্ডারে ডলারের মূল্য বাড়িয়ে ১১৭ টাকা করা হয়। পরেরদিন অর্থাৎ ৯ মে থেকে প্রতি ডলার রেট ১১৭ টাকা কার্যকরের নির্দেশনা দেওয়া হয়। আর ইসলামী ব্যাংকের সঙ্গে শাহনেওয়াজ সুমনের সব ডিলগুলোই হয় ৯ তারিখের চিঠিতে। দায় এড়াতে ও অনিয়ম ঢাকতে টেকনিক্যালি ৯ তারিখের চিঠিতে ৮ তারিখ দেয় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। চিঠির স্মারক নম্বর থেকে যার প্রমাণ মেলে।

অনুসন্ধানে দেখা যায়, ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ৯ তারিখের দুটি চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ৮৫ মিলিয়ন ডলার বিক্রি করে। যার বিক্রয় মূল্য দেখা যায় ১১৬.৪৬ টাকা প্রতি ডলার। ইসলামী ব্যাংকের দুটি চিঠির স্মারক নম্বর ২৪০০০০৯২৫ ও ২৪০০০০৯২৬। অন্যদিকে, ৮ তারিখের দুটি চিঠিতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক থেকে ৮২ মিলিয়ন ডলার ক্রয় করে। যার ক্রয়মূল্য ধরা হয় ১১০ টাকা প্রতি ডলার। চিঠিতে ৮ তারিখ দিয়ে এ ডিলটি করা হয়। বিপত্তি বাধে স্মারক নম্বরে।

কালবেলার অনুসন্ধানে দেখা যায়, পেছনের তারিখ দেওয়া হলেও ক্রয়ের চিঠি দুটির স্মারক ৯ তারিখ ইস্যু করা চিঠির স্মারকের পরে। অর্থাৎ ১১০ টাকা ধরে ৮২ মিলিয়ন ডলার ক্রয়ের চিঠির স্মারক যথাক্রমে ২৪০০০০৯২৭ ও ২৪০০০০৯২৮। এর বিনিময়ে ইসলামী ব্যাংকের সিএসআর ফান্ড থেকে নিয়েছেন বিপুল পরিমাণে আর্থিক সুবিধা। যে কথা সুমন মিয়া কালবেলার কাছে স্বীকারও করেছেন।

এ ছাড়া, ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আরও একটি অসম চুক্তির তথ্য এসেছে কালবেলার হাতে। সেখানে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৩১১.৫০ মিলিয়ন ডলার ১১০ টাকা প্রতি ডলার মূল্যে দাবি করেছেন বেসরকারি এ ব্যাংকটি।

ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে, ন্যাশনালে ব্যাংকের সঙ্গে এ-সংক্রান্ত একটি মৌখিক চুক্তি হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের। বর্তমানে ডলার মূল্য ১২৪ টাকা। সেই হিসেবে প্রতি ডলারে ১৪ টাকা লোকসান হলে ৩১১.৫০ মিলিয়ণ ডলার ছাড় করলে কেন্দ্রীয় ব্যাংকের লোকসান হবে ৪৩৬ কোটি টাকারও বেশি।

তথ্য বলছে, এসব ডিল ও ক্রয়-বিক্রয়ের সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার চিফ ডিলার ছিলেন মো. সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমন। এ ছাড়া, সুমনের সব অপকর্মের পেছনে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন।

অসুস্থা দেখিয়ে প্রতি মাসে নেন আড়াই লাখ টাকা: শাহনেওয়াজ সুমনের আরও একটি অভিনব প্রতারণা ধরা পড়েছে খোদ বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে। বাংলাদেশ ব্যাংকের অন্তত এক ডজন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, শাহনেওয়াজ সুমন নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকের অন্য কর্মকর্তাদের কাছ থেকে সিমপ্যাথি নেন। এমনকি নিজের অসুস্থতার কথা বলে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে। এ ছাড়া, ব্যাংক কর্মকর্তারাও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তাকে। বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেই যেই জালিয়াতি ধরা পড়ে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন এসেছে কালবেলার হাতে।

নথিপত্র বলছে, শাহনেওয়াজ সুমনের চিকিৎসা ব্যয় ও ওষুধ কেনার বিল যাচাইয়ে একাধিক অসংগতি পেয়েছে ব্যাংকের গঠিত তদন্ত কমিটি। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তা শাহনেওয়াজ সুমনের চিকিৎসা-সংক্রান্ত নথি ও ওষুধের ব্যবহার যাচাই করতে ২০২৫ সালের ৪ মে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ২০ মে সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে গিয়ে চিকিৎসার নথি ও ওষুধের দোকানের তথ্য যাচাই করে। সুমনের চিকিৎসার নথিতে ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি), ভেলোরের চিকিৎসকের ব্যবস্থাপত্র রয়েছে। তার চিকিৎসার ওষুধের ব্যবহার সম্পর্কে চ্যাটজিপিটি ও এআই সফটওয়্যারের সহায়তায় বিষয়টি বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কমিটি। এরপর এ বিষয়ে ওই ডাক্তারের কাছে মতামত জানতে চায় কমিটি। তিনি কমিটিকে জানান, ‘এন্টি ফাঙ্গাল ওষুধসমূহু মূলত ৪ সপ্তাহের কোর্স এবং দৈনিক মাত্রা সাধারণত ২০০ থেকে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম হতে পারে।’ কিন্তু সুমন প্রতিদিন ১ হাজার ৮০০ মিলিগ্রাম Xpos এবং ১ হাজার ২০০ মিলিগ্রাম Dasanix সেবনের কথা উল্লেখ করেছেন। কমিটির প্রতিবেদনে এ মাত্রাকে অস্বাভাবিক বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওষুধের ভাউচার ও বিলের তথ্য যাচাই এবং প্রকৃত চিকিৎসা ব্যয় নির্ধারণে অসংগতি পাওয়া গেছে। সুমনের চিকিৎসা বাবদ প্রতি মাসে ২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা ব্যয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। যে টাকা তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছেন। যাকে অস্বাভাবিক বলছে তদন্ত কমিটি।

সম্পদও গড়েছেন: কুমিল্লায় গড়েছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি। বাড়ির সামনে রয়েছে প্রাইভেট সুইমিং পুল। বাড়ির চারদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া। সরেজমিন বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আলিশান বাড়ি বানালেও সেখানে সুমন মিয়াদের কেউ থাকেন না। বাড়ির সামনে সুমন মিয়ার ভাইয়ের নামে ঝুলানো হয়েছে কামাল মঞ্জিল নামের একটি নেমপ্লেট। পরে বাড়ির সামনে একটি অটোরিকশা থামিয়ে সেটার ওপর দাঁড়িয়ে ওয়ালের উপর দিয়ে করা হয় বাড়ির ভেতরের ভিডিও। সেখানে দেখা যায়, বাড়ির ভেতরে পশ্চিমা স্টাইলের সব আধুনিক নকশা। ভেতরে দেখা যায় সুইমিং পুল। আর চারদিকে রয়েছে গাছগাছালি। এ ছাড়া শাহনেওয়াজ সুমনের ইস্কাটনের র্যাংগস টাওয়ারে একটি আধুনিক সুবিধা সংবলিত ফ্ল্যাট রয়েছে। যার অ্যাপার্টমেন্ট নম্বর : বি-১২, হাউস নম্বর ১২৯, নিউ ইস্কাটন। এ ছাড়া ডেমরায় প্লটসহ একটি বহুতল বাড়ি দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি টাকারও বেশি ঋণ নেন বলে জানা গেছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করতে বেশ কয়েকদিন ফোন করা হয় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা শাহনেওয়াজ সুমনকে। তবে তিনি সাড়া দেননি। এরপর তার বক্তব্য জানতে চেয়ে প্রশ্ন লিখে ম্যাসেজ পাঠানো হয়। এরপরও তিনি কোনো উত্তর দেননি। তবে তার পক্ষ থেকে দুজন সাংবাদিক পরিচয় দিয়ে যোগাযোগ করে এ প্রতিবেদকের সঙ্গে দেখা করেন। এরপর তারা নিউজ না করতে প্রতিবেদককে প্রথমে অনুরোধ করে পরে অনৈতিক সুবিধার প্রলোভন দেখান। তবে তাতে রাজি না হয়ে সুমনকে সরাসরি যোগাযোগ করতে বলেন এ প্রতিবেদক। পরদিন শাহনেওয়াজ সুমন নিজে ফোন করে প্রতিবেদকের সঙ্গে দেখা করতে চান। এরপর অফিসে আসেন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। কালবেলার অফিসে বসে শাহনেওয়াজ সুমন প্রায় সব অভিযোগের কথা স্বীকার করে বলেন, ‘কিছু গ্যাপ আছে।’ তবে সব অনিয়মের দায় তিনি নিতে রাজি নন। বলেন, ‘সে সময় সরকার ও ওপর মহলের চাপে তাকে অনেক কিছু করতে হয়েছে।’

এরপর তাকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়। শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় অনুমতি ছাড়া সেমিনারে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল।’ সে সময় সুমনের স্ত্রী বলেন, ওটা তো ডিজি জানতেন। সঙ্গে সঙ্গে সুমন তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল।’

কুমিল্লার বাড়ির বিষয়ে জানতে চাইলে শাহনেওয়াজ সুমন প্রথমে বলেন, ‘ওটা আমার এক আত্মীয়ের বাড়ি।’ সম্পর্কে আপনার কী হয়—এমন প্রশ্নে বলেন, ‘আত্মীয় তো আত্মীয়ই।’ ফের কেমন আত্মীয় জিজ্ঞেস করলে বলেন, ‘আমার ভাই।’ ভাই আত্মীয় হয় কীভাবে জিজ্ঞেস করলে বলেন, ‘ভাই আত্মীয় না? এরপর বলতে থাকেন—দেখেন ভাই। ওই বাড়ি আমার ভাইয়ের। তিনি ব্যবসা করেন। ওখানে আমার কোনো টাকা নেই। আমি জীবনে একবার ওই বাড়িতে গিয়েছিলাম।’ এসময় তার স্ত্রী বলেন, আমিও একবার ওই বাড়িতে গিয়েছিলাম। আর জীবনেও যাইনি।

ইস্কাটনের ফ্ল্যাটের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ওটা ২০ বছরের পুরোনো একটা ফ্ল্যাট। লোন নিয়ে কিনেছি।’ আপনি আসলেই ইস্কাটনের ফ্ল্যাট দেখিয়ে লোন নিয়েছেন—এমন প্রশ্নে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলেন, ‘না, আসলে ডেমরায় আমার একটা প্লট আছে। সেটাকে বাড়ি দেখিয়েছি। সেখানে বহুতল ভবন দেখিয়ে লোন নিয়েছি।’

বিভিন্ন ব্যাংকের সঙ্গে অসম চুক্তি ও ডলার কারসাজির বিষয়ে বলেন, ‘আমি চুনোপুঁটি, একজন যুগ্ম পরিচালক। আমার পক্ষে তো ডিল করা পসিবল না। আমি ঊর্ধ্বতনদের নির্দেশে আইন মোতাবেক সব করেছি।’

অসুস্থতা দেখিয়ে মাসে আড়াই লাখ টাকা নেওয়ার বিষয়ে বলেন, ‘ওটা পরে সেটেল হয়েছে। এখন আর নেই না।’

জালিয়াতির কারণে মার্কিন এমবাসিতে ব্যান্ড হওয়ার বিষয়টি তিনি সরাসরি স্বীকার না করে বলেন, ‘আমাকে তো ব্যান্ড করা হয় নাই। তবে একবার ভিসা রিজেক্ট হয়েছিল।’ কেন রিজেক্ট হয়েছে জানতে চাইলে বলেন, ‘সে সময় অনেক সরকারি কর্মকর্তারই ভিসা রিজেক্ট হয়েছিল।’

ইসলামী ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সুবিধা নেওয়ার বিষয়ে বলেন, ‘ওটা আর এটা এক নয়। সিএসআর ফান্ড থেকে টাকা আমি নিয়ম মেনেই নিয়েছি।’

[atn_photocard]
আরো