৪ কোটি টাকা ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে উত্তোলন, কমার্স ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত
আমানত সংগ্রহের নামে ৪ কোটি টাকা ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বিধিবহির্ভূতভাবে অর্থ উত্তোলনের অভিযোগে বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. হামিদুর রহমান।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো চিঠিতে এ তথ্য জানায় কমার্স ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ও পরামর্শ বাস্তবায়নের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ব্যাংকটির চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ জানিয়েছেন, আর্থিক অনিয়মের কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে উত্তোলন করা অর্থের সমপরিমাণ টাকা ব্যাংকে পুনরায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বরখাস্ত হওয়া কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আগেও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ৭৪ কোটি টাকা আত্মসাৎ এবং ৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আয় দেশে না আনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান রয়েছে। এ ছাড়া ব্যাংকের নিরীক্ষায় তাঁর বিরুদ্ধে ট্রেড-বেজড মানিলন্ডারিংয়ের অভিযোগও উঠে এসেছে।