রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি
রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকার মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধ না করার অভিযোগে রহিম এনার্জি লিমিটেডের বিরুদ্ধে চূড়ান্ত কর নির্ধারণী আদেশ জারি করেছে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
নির্ধারিত অর্থের মধ্যে অপরিশোধিত মূসক ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা এবং জরিমানা ২৩ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিবৃতিতে এসব জানিয়েছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত রহিম এনার্জি লিমিটেড বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ব্যবসা করে। প্রতিষ্ঠানটি রহিম গ্রুপের ছয়টি সহযোগী প্রতিষ্ঠানের কাছে সরাসরি বিদ্যুৎ সরবরাহ করে। ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে মোট ৯৪০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকার সেবা মূল্য পেয়েছে। এই সেবা মূল্যের ওপর ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসকের পরিমাণ ৪৭ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৬৭৫ টাকা ৬৪ পয়সা। তবে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা।
প্রযোজ্য মূসক থেকে জমা দেওয়া অর্থ বাদ দিয়ে অপরিশোধিত মূসকের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা। এ অর্থ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকির মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরবর্তী সময়ে শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ডাকা হলেও তাদের জবাব সন্তোষজনক হয়নি বলে জানিয়েছে ভ্যাট কমিশনারেট। উভয় পক্ষের শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা অপরিশোধিত মূসক এবং ২৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানাসহ মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করে চূড়ান্ত আদেশ জারি করা হয় বলে জানিয়েছে এনবিআর।