ডলারের ব্যাপক দরপতন
বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের ব্যাপক দরপতন ঘটেছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্নে নেমে গেছে। চলতি বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়ে তিনবার সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় মার্কিন মুদ্রা বড় দর হারিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তুলনামূলক চড়া রয়েছে। তবু আর কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে চাচ্ছে না ফেড। সম্প্রতি ইউএস ব্যাংকটির নীতি-নির্ধারকরা এই সংকেত দিয়েছেন। ফলে গ্রিনব্যাক চাপে পড়েছে।
আলোচ্য কার্যদিবসে মার্কিন ডলার সূচক স্থিতিশীল আছে। বর্তমানে যা ১০৩ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন তা শূন্য দশমিক ৫ শতাংশ নিম্নমুখী হয়েছিল। গত ১ মার্চের পর যা সর্বনিম্ন। ওই দিন ডলার সূচক ছিল ১০৩ দশমিক ৮৭ পয়েন্ট। সেই থেকে সূচকটি নিম্নমুখী আছে।
বিনিয়োগকারীরা ধারণা করছেন, আসন্ন জুনে সুদের হার কমাবে ফেড। সেটা হতে পারে তিন চতুর্থাংশ পয়েন্ট। সেই সম্ভাবনা রয়েছে প্রায় ৭৫ শতাংশ। একদিন আগেও যা ছিল ৫৯ শতাংশ। ফলে ইউএস ডলারের মান ব্যাপক নিম্নগামী হয়েছে।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২১ মার্চ) অস্ট্রেলিয়ার মুদ্রার মান বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। প্রতি অসি ডলারের দর স্থির হয়েছে শূন্য দশমিক ৬৬০৮ ইউএস ডলারে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।