মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতির অভিযোগে আইডিআরএ’র পরিচালক রকিবুর রহমান খান ওএসডি
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার সন্তান কোটায় জালিয়াতি করে ২৯তম বিসিএসে চাকরি নেয়ার অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রকিবুর রহমান খান ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। সরকারি নথিতে তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান অনুযায়ী, তিনি ওই কোটায় আবেদন করেননি।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেছে দুদক।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই ২৯তম বিসিএসের প্রথম নিয়োগ গেজেট প্রকাশিত হয়। এতে প্রশাসন ক্যাডারে ১৮৪ জনকে নিয়োগ দেয়া হয়। মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৪টি পদ শূন্য ছিল।
প্রায় ১৩ মাস পর রকিবুর রহমান খানসহ আরও কয়েকজনকে নিয়োগ দিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হয়।
গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও ওই কোটায় চাকরি নেয়ার অভিযোগে ২৯তম বিসিএসের ছয় কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক।
চিঠিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এর ছয় মাসের বেশি সময় পর রকিবুর রহমান খানকে ওএসডি করা হলো।