‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৭ মে (শনিবার) তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন কলমা, টঙ্গাবাড়ী, গরুরহাট, বড় আশুলিয়া, বঙ্গবন্ধু রোড, টঙ্গাবাড়ী, রাজু মার্কেট, গৌরীপুর, বটতলা, গৌরীপুর, আশুলিয়া, সাভার এলাকার ৬টি স্পটে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রুটনেক্সট ওয়াশিং ও ইকো লন্ডিং ইন্ডা: নামে বাণিজ্যিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ১১,৯৬,৪৫৭/- টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৪০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।
একই দিনে, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন চক্রবর্তীটেক, ভবানীপুর, গাজীপুর (আশুলিয়া নেটওয়ার্ক) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইনের বিভিন্ন ব্যাসের আনুমানিক ৫০০ ফুট লাইন পাইপ অপসারণ করে মেসার্স নূর জানুমা ওয়াশিং প্ল্যান্ট ও এআর জিন্স নামক শিল্প সংযোগ টি বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়েছে। এতে ১৩,৯৯,৪৪০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এছাড়া, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ভিজিল্যান্স বিভাগ- গাজীপুর কর্তৃক যৌথ পরিদর্শনে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল, গোড়াই- মির্জাপুর, টাঙ্গাইল -এর রেগুলেটরে অবৈধ হস্তক্ষেপ সনাক্ত করার কারণে তৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর ভিজিল্যান্স বিভাগের টিম-০১ কর্তৃক নিউ সিটি ডাইং, ঠিকানা-প্লট-৯-রোড-১৮, শ্যামপুর-২য় পর্ব, ঢাকা -এর আঙ্গিনা পরির্দশনকালে আউটলেট ভালভের চাবির পয়েন্ট থেকে তারের মাধ্যমে মিটার টারবাইন বন্ধ করা পরিলক্ষিত হয়। মিটারে অবৈধ হস্তক্ষেপের জন্য গ্যাস বিপণন নিয়মাবলী-২০১৪ এর অনুচ্ছেদ ৮.১ (খ) এর ১ নং অনুযায়ী সংশ্লিষ্ট জোনের সহযোগীতায় সংযোগটি বিচ্ছিন্ন করতঃ ইনলেট ভালভের চাবিতে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। এছাড়াও, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ এর আওতাধীন বিশেষ টীম কর্তৃক অভিযান পরিচালনাকালে জোবিঅ-নরসিংদী -এর আওতাধীন গ্রাহক মেসার্স সরদার কেমিক্যাল ইন্ডা.লি. -এর আঙ্গিনায় বিদ্যমান RMS কক্ষের ভেতরে অবস্থিত আভ্যন্তরীণ লাইনে ছিদ্র করত: জি আই তারের এর মাধ্যমে মিটারের টারবাইন আটকানো অবস্থায় গ্যাস ব্যবহার রত অবস্থায় পাওয়া যাওয়ায় বিশেষ টীমের উপস্থিতিতে ইমার্জেন্সি শাখা-নরসিংদী কর্তৃক গ্রাহকের ছিদ্রযুক্ত আভ্যন্তরীণ লাইনসহ সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৭ মে ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৫৩টি শিল্প, ১৯৯টি বাণিজ্যিক ও ৩৬,০০৩টি আবাসিকসহ মোট ৩৬,৪৫৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮০,৫২৯টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৬৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে