১১০২ কোটি টাকা আত্মসাৎ: এস আলম চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে দুদুকের মামলা

নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ১১০২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬৮ জনকে আসামি করে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির হোসেন নিশ্চিত করেছেন। আসামি ৬৮ জনের মধ্যে সাইফুল আলমসহ একাধিক ব্যক্তি দুটি মামলার আসামি।

প্রথম মামলায় নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি করে, জাল কাগজপত্র উপস্থাপন করে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিকভাবে ১০৫ কোটি টাকার ঋণ অনুমোদন করেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে সীমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে ৫৫৩ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ করেন।

ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনো বৈধ সিআইবি রিপোর্ট, ট্রেড লাইসেন্স, বীমা নথি, আইনজীবীর সার্টিফিকেট কিংবা সম্পদের প্রকৃত মূল্যায়ন ছাড়াই ঋণ প্রদান করা হয়। বিতরণের পর অর্থ ভেনাস ট্রেডিংস, রিজেনেবল ট্রেডার্স, আব্দুল আওয়াল অ্যান্ড সন্সসহ আরও কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করে শেষ পর্যন্ত এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানে ১৩০ কোটি টাকা হস্তান্তর করা হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদক জানিয়েছে।

প্রথম মামলার প্রধান আসামি মোহাম্মদ সাইফুল আলম, যিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এছাড়া ব্যাংকের বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, শাখা ব্যবস্থাপকসহ মোট ৩১ জন কর্মকর্তা আসামি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

অন্যদিকে দ্বিতীয় মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একটি ভুয়া প্রতিষ্ঠান ‘মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল’-এর নামে ৫৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালে জাল কাগজপত্র ব্যবহার করে অস্তিত্বহীন প্রতিষ্ঠান সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের নামে ১৫২ কোটি টাকার ঋণ সুবিধা অনুমোদন করা হয়। পরবর্তীতে কোনো টাকা পরিশোধ না করেও তথ্য জালিয়াতির মাধ্যমে ঋণ সীমা বাড়িয়ে ২০২৩ সালে সর্বশেষ ৪৫০ কোটি টাকা অতিরিক্ত উত্তোলন করা হয়।

মোট ৫৪৮ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের পর তা বিভিন্ন নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়। এতে মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট, ব্যবসার ঠিকানা যাচাই, বীমা পলিসি, ট্রেড লাইসেন্স এবং আইনগত ছাড়পত্র ছাড়াই ঋণ অনুমোদন দেন। এতে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাসভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে।

দুদকের মামলায় প্রধান আসামি মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে মাহফুজুল ইসলাম (সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী) এবং ব্যাংকের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনা পরিচালক, ডিএমডি, এএমডি, ইভিপি পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। মোট আসামির সংখ্যা ৩৭ জন।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, এই দুটি মামলায় অন্তর্ভুক্ত আসামিরা দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

[atn_photocard]
আরো