শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আনিসুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে বসা হচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ ভালো ফল দেখা যাবে।”
গত ২৮ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে জুলাই মাসের তৃতীয় সমন্বয় সভা। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখসহ পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন—
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই’র চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম, সিএসই’র চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, সিসিবিএল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ ওয়াহিদ-উজ-জামান, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, আইসিবি এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সিডিবিএল ভারপ্রাপ্ত এমডি মো. আবদুল মোতালেব, সিসিবিএল ভারপ্রাপ্ত এমডি আ স ম খায়রুজ্জামান, বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন, ডিএসই পরিচালক শাকিল রিজভী ও মিনহাজ মান্নান ইমন, বিএপিএলসি পরিচালক কায়সার হামিদ, ডিএসই ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ আসাদুর রহমান, ভিআইপিএ অ্যাসেট ম্যানেজমেন্ট সিইও শহীদুল ইসলাম, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স সদস্য এ এফ এম নেসারউদ্দীন, সিএসই সিআরও মোহাম্মদ মাহাদী হাসান, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি সিইও মাহমুদা আক্তার, বিএমবিএ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মতিন, বিএপিএলসি জেনারেল সেক্রেটারি আমজাদ হোসেনসহ বিএসইসি’র নির্বাহী পরিচালক, পরিচালক ও সচিববৃন্দ।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির জন্য আমরা কাজ করছি। কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির তালিকা করে তাদের সঙ্গে বসছি। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইনশাআল্লাহ ভালো ফল দেখবো।” তিনি সংশ্লিষ্টদের সজাগ থাকার পাশাপাশি সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “ডায়ালগের বিকল্প নেই। সকলে মিলে যৌথভাবে সকল সমস্যার সমাধান করা যায়। পুঁজিবাজারের স্বার্থে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।”
Advertisement
সভায় পুঁজিবাজারের স্থিতিশীল ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ভালো মৌলভিত্তি সম্পন্ন দেশীয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করার পাশাপাশি অনলাইন বা ডিজিটাল আইপিও আবেদন ব্যবস্থার দ্রুত চালুকরণে অগ্রগতি তুলে ধরা হয়। তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাবনা উঠে আসে।
এছাড়া পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবহার, সিসিবিএল এর কার্যকর বাস্তবায়ন ও বাজার কাঠামোর আধুনিকায়নের পাশাপাশি সেটেলমেন্ট সময় হ্রাস এবং আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ প্ল্যাটফর্ম গড়ার ব্যাপারেও আলোচনা হয়।
নেগেটিভ ইক্যুইটির সমাধান, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশন চালু করা, বন্ড মার্কেটের উন্নয়ন, মার্চেন্ট ব্যাংকের কাজের পরিধি বৃদ্ধি, ফিন্যানশিয়াল রিপোর্টিং ও নিরীক্ষার মানোন্নয়ন, বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি ও বিনিয়োগ শিক্ষা প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির জন্য কমিশন সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছে। সম্প্রতি ডিজিটাল আইপিও আবেদন ব্যবস্থার পাইলট টেস্ট সফল হয়েছে, যা পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ।” তিনি আরও জানান, পুঁজিবাজার সংস্কারের জন্য সিকিউরিটিজ বিধিবিধান যুগোপযোগী করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন দ্রুত বাস্তবায়ন করা হবে।
সভা শেষে বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজারের অংশীজনদের মতামত ও প্রস্তাবনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে প্রতিষ্ঠিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।