ভরা মৌসুমেও কমেনি দাম, কেজিতে দুই হাজার ছাড়িয়ে গেছে ইলিশ

রাজধানীর বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও মূল্য কমার লক্ষণ দেখা যাচ্ছে না। মৌসুমের মাঝামাঝি সময়ে এসে বাজারে প্রচুর ইলিশ পাওয়া গেলেও কেজিপ্রতি দাম এখনও দুই হাজার টাকার ওপরে রয়েছে, যা সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে।

রবিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২৪০০ থেকে ২৫০০ টাকা। এর চেয়েও বড় ইলিশের দাম ২৮০০ থেকে ৩০০০ টাকায় গিয়ে ঠেকেছে। তুলনামূলকভাবে ছোট ইলিশ কিছুটা সাশ্রয়ী হলেও তাও মধ্যবিত্তের জন্য অনেক সময় দুঃসাধ্য হয়ে উঠছে।

পাইকারি বাজারেও একই চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারে ১৯০০ টাকা কেজি দরে ইলিশ কিনে খুচরা বিক্রেতারা সেটি ২১০০ থেকে ২২০০ টাকায় বিক্রি করছেন। আর এক কেজির ওপরে ইলিশের দাম ২৪০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত উঠেছে।

মাছ ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমলেও এখনো তা সাধ্যের মধ্যে নয়। গত সপ্তাহে যেখানে বড় ইলিশ ৩০০০ টাকা পর্যন্ত উঠেছিল, এখন সেটি ২৪০০ থেকে ২৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট ইলিশ কিছুটা সস্তা হলেও মান ও স্বাদের কারণে অনেকেই বড় ইলিশের দিকেই ঝুঁকছেন।

ব্যবসায়ী জমির উদ্দিন জানান, বাজারে এখন প্রচুর ইলিশ রয়েছে। তবে পদ্মার ইলিশের দাম অন্য জেলার তুলনায় বেশি, কারণ এর চাহিদা বেশি এবং স্বাদে আলাদা। তিনি আরও জানান, ৯০০ থেকে ১০০০ টাকায় ছোট ইলিশ বিক্রি হচ্ছে, যা তুলনামূলকভাবে কিছুটা সাশ্রয়ী।

খুচরা বাজারের পাশাপাশি সুপারশপ ও অনলাইন প্ল্যাটফর্মেও ইলিশের দাম সাধারণ বাজারের তুলনায় বেশি দেখা গেছে। স্বপ্ন, মিনা বাজার ও চালডালে এক কেজি ওজনের ইলিশ ২৬০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু ক্ষেত্রে ৩০০ গ্রামের ইলিশও ৪০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

ভোক্তারা বলছেন, ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারার কথা থাকলেও দামের কারণে সেটি এখনও স্বপ্নই রয়ে গেছে। মোহাম্মদপুর থেকে ইলিশ কিনতে আসা মোখলেছুর রহমান বলেন, “বাজারে ইলিশের অভাব নেই, কিন্তু বড় ইলিশের দাম ২০০০ টাকার নিচে নেই। আমরা বাধ্য হয়ে ছোট ইলিশ কিনছি।”

সরবরাহ বাড়লেও বাজারে মূল্য সহনীয় না হওয়ায় সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের সরবরাহ পর্যাপ্ত থাকলেও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

আরো