এনবিআরের মাসিক ‘মিট দ্য বিজনেস’ আয়োজনের উদ্যোগ
ট্রেড ফ্যাসিলিটেশনকে অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে সংস্থাটি এখন থেকে প্রতি মাসে একটি বিশেষ বৈঠক আয়োজন করবে, যার শিরোনাম ‘মিট দ্য বিজনেস’।
জানা গেছে, প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের একটি নির্দিষ্ট কক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
৩ সেপ্টেম্বর, বুধবার এ বিষয়ে এনবিআরের একটি অভ্যন্তরীণ সূত্র এ তথ্য জানিয়েছে।
এই অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে মাঠপর্যায়ে কাস্টমস, ইনকাম ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা ও জটিলতা সম্পর্কে জানবেন। এর মাধ্যমে ব্যবসায়ী সমাজের অভিজ্ঞতা ও প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে এনবিআর একটি স্পষ্ট চিত্র পাবে, যা নীতিনির্ধারণে সহায়ক হবে।
এ মাসের ‘মিট দ্য বিজনেস’ আয়োজনটি আগামী ১০ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল (কক্ষ নং ৩০১)-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যবসায়ী প্রতিনিধিদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এনবিআর আশা করছে, এমন নিয়মিত সংলাপ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।