ডিএসই ও বিসিএমইএ’র বৈঠক: সিরামিক শিল্পকে পুঁজিবাজারে আনার উদ্যোগ
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ)-এর মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ বৈঠকে সিরামিক শিল্পখাতকে ডিএসই’র অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস বলেন, “সিরামিক শিল্প বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাতগুলোর একটি। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর ব্যাপক সুনাম অর্জিত হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও জানান, পুঁজিবাজারের সুযোগ কাজে লাগিয়ে সিরামিক শিল্পের বিকাশকে আরও ত্বরান্বিত করা সম্ভব।
পরে ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, ডিএসই’র বিভিন্ন পণ্য ও ট্রেডিং প্ল্যাটফর্ম, তালিকাভুক্তির প্রক্রিয়া, বিনিয়োগের সুযোগ এবং এটিবি প্ল্যাটফর্মের সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, এফসিএমএ ডিএসই’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সিরামিক শিল্পসহ ভালো কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করতে আইপিও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। পাশাপাশি তালিকাভুক্তির পরবর্তী কমপ্লায়েন্স প্রক্রিয়া আরও সহজ করা উচিত।” তিনি সিরামিক শিল্পের উদ্যোক্তাদের নিয়ে যৌথভাবে একটি সেমিনার আয়োজনের প্রস্তাব দেন।
এ প্রস্তাবে ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান সম্মতি জানান এবং অচিরেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।