লঙ্কাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের জন্য বিআইসিএমে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘Fundamentals on Trading & Technical Analysis’ শীর্ষক এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আর সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন।
উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান তৌহিদুর নূর, বিআইসিএমের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটর ও প্রধান রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন কাশফীয়া শারমিন। এছাড়া ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, এবং প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার, গৌরব রায়, ও মো. আদনান আহমেদ প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন।
উল্লেখ্য, বিআইসিএম ও লঙ্কাবাংলা সিকিউরিটিজের মধ্যে দুই বছরের একটি চুক্তির আওতায় ‘Certificate Course on Fundamentals of Capital Market’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই চুক্তির অংশ হিসেবেই লঙ্কাবাংলার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে বিআইসিএম ধারাবাহিকভাবে বিশেষায়িত প্রশিক্ষণ আয়োজন করছে।