রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড-এর ডিএসই পরিদর্শন

রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেড (RSEB)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছে। তিন দিনব্যাপী সফরের অংশ হিসেবে ২১ অক্টোবর ২০২৫ তারিখে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন— মিসেস খানদু ওয়াংমো, মিস দর্জি জাঙ্গম, মি. জ্যাংচুক ওয়াংদি এবং মিস পেমা ইয়াংছেন। সফরটি ডিএসই’র কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ম্যানেজার নূর-ই হাফসার সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।

পরিদর্শনের প্রথম দিনে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, “বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানসহ আঞ্চলিক অর্থনীতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি ও বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের পুঁজিবাজার মূলত ইক্যুইটি নির্ভর হলেও এসএমই ও এটিবি প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বাজারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

পরে ডিএসই’র প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সাইদ মাহমুদ জুবায়ের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, ট্রেডিং ও সেটেলমেন্টের অটোমেশন, নতুন প্রোডাক্ট উন্নয়ন, ETF, REIT, ডেরিভেটিভস এবং শরিয়াহভিত্তিক বিনিয়োগের অগ্রগতি তুলে ধরেন।

ডিএসই’র রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান ও রেগুলেটরি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া পুঁজিবাজারের আইনগত কাঠামো, বিএসইসি’র ভূমিকা ও বাজার পরিচালনার স্বচ্ছতা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়া, আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম ডিএসই’র প্রযুক্তিগত অবকাঠামো, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সিস্টেম, ডেটা সেন্টার, নেটওয়ার্ক নিরাপত্তা এবং অপারেশন স্ট্রাকচার বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

সফর শেষে রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটানের প্রতিনিধিদল ডিএসই’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সফর আমাদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও অভিজ্ঞতাসম্পন্ন ছিল। এটি আমাদেরকে একটি আধুনিক স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিয়েছে।”

তাঁরা ভবিষ্যতে ডিএসই’র সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

পরিশেষে, ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের পুঁজিবাজার উন্নয়নে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরো