জনতা ব্যাংক পিএলসি.-এর বগুড়া বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন
জনতা ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, সিএসপি বগুড়া বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেছেন। রোববার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোঃ আশরাফুল আলমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও টিএমএসএস-এর নির্বাহী পরিচালক, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং একই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ জাহেদুর রহমান জাদু।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বগুড়া বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলে জনতা ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিল্প, ব্যবসা ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ কার্যালয় গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিত করতে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।