বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের গভীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি ও দায়িত্ববোধে উজ্জ্বল। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সরলতা, মানবিকতা, সহনশীলতা ও দূরদৃষ্টি জাতীয় জীবনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার শোকবার্তায় বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া দেশের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। রাজনৈতিক অস্থিরতার সময়ে তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব বহু সংকট উত্তরণে পথ দেখিয়েছে। দেশ ও জনগণের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকাহত সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দানের প্রার্থনা জানানো হয়েছে।

[atn_photocard]
আরো