ডিএসইতে নতুন জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে যোগ দিলেন হাসান তারেক চৌধুরী
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-তে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) হিসেবে যোগদান করেছেন হাসান তারেক চৌধুরী। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ডিএসইতে যোগদানের আগে তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে হেড অব পিপল অ্যান্ড কালচার বিজনেস পার্টনারিং হিসেবে দায়িত্ব পালন করেন।
হাসান তারেক চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য মানবসম্পদ (এইচআর) পেশাজীবী। মানবসম্পদ ব্যবস্থাপনায় তাঁর রয়েছে ২৯ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। এর মধ্যে প্রায় ২০ বছর তিনি দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে বিভাগীয় প্রধান হিসেবে এইচআর কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন।
তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (বাংলাদেশ), নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড, মেটলাইফ বাংলাদেশ, এসিআই লিমিটেড, এমজিএইচ গ্রুপ এবং প্রাণ-আরএফএল গ্রুপ।
ফার্মাসিউটিক্যাল, এফএমসিজি, বীমা, শিপিং, রেস্টুরেন্ট, কৃষি ও পশুস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে মানবসম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর রয়েছে বহুমুখী অভিজ্ঞতা। মানবসম্পদ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ট্যালেন্ট অ্যাকুইজিশন, কর্মী উন্নয়ন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, সাংগঠনিক উন্নয়ন, কর্মী সম্পর্ক, পারিশ্রমিক ও সুবিধা ব্যবস্থাপনা এবং এইচআর পরিকল্পনায় তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।
তিনি জেটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডে দেশের অন্যতম বৃহৎ জনবল রূপান্তর প্রকল্পে নেতৃত্ব দেন। পাশাপাশি নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড ও অ্যালকনে একাধিক সাংগঠনিক পুনর্গঠন ও বিজনেস ট্রান্সফরমেশন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০১২ সালে মেটলাইফ সাউথ এশিয়া এবং ২০১৫–২০১৬ সালে নোভার্টিসে এইচআর ট্রান্সফরমেশন কার্যক্রমে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।
বিদেশে নতুন প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রেও তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি পাকিস্তানের লাহোর ও শ্রীলঙ্কার কলম্বোতে এমজিএইচ গ্রুপের জন্য নতুন সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদান করেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে এমএসসি (প্রথম শ্রেণী), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) এবং ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (প্রথম শ্রেণীতে প্রথম) ডিগ্রি অর্জন করেন।